মঙ্গলবার, মে ৫, ২০২৬

আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ চুক্তি পুনর্বিবেচনায় সরকার: জ্বালানিমন্ত্রী

চিটাগং ট্রিবিউন ডেস্ক 
ভারতের আদানি পাওয়ারের সঙ্গে স্বাক্ষরিত বিদ্যুৎ ক্রয় চুক্তি পুনর্বিবেচনার উদ্যোগ নিয়েছে সরকার। চুক্তিতে উচ্চমূল্য ও অসম শর্তের অভিযোগ উঠায় আন্তর্জাতিক সালিশি আদালত অথবা দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের পথ খোঁজা হচ্ছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) জাতীয় সংসদে চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর প্রশ্নের জবাবে এ তথ্য জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
মন্ত্রী জানান, ২০১৭ সালে ভারতের আদানি পাওয়ার (ঝাড়খণ্ড) লিমিটেডের সঙ্গে স্বাক্ষরিত চুক্তিটি পর্যালোচনার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের সময় সুপ্রিম কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে একটি জাতীয় কমিটি গঠন করা হয়। জ্বালানি বিশেষজ্ঞ, আইনজ্ঞ, অর্থনীতিবিদ ও চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের সমন্বয়ে গঠিত এই কমিটি চুক্তির বিভিন্ন দিক বিশ্লেষণ করে।
পর্যালোচনায় দেখা গেছে, চুক্তিতে বিদ্যুতের দাম দেশীয় ও আন্তর্জাতিক বাজারদরের তুলনায় বেশি নির্ধারণ করা হয়েছে। পর্যালোচনার প্রয়োজনে কমিটি আন্তর্দেশীয় চুক্তি বিষয়ে আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞদের মতামতও গ্রহণ করেছে। এ কারণে চুক্তিটি বর্তমানে দেশের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে বলে উল্লেখ করেন মন্ত্রী।
তিনি আরও জানান, অস্বাভাবিক শর্ত ও উচ্চমূল্যের কারণে এই চুক্তিটি এখন ‘গলার কাঁটা’ হয়ে দাঁড়িয়েছে। বর্তমান সরকার এখন এই সংকট সমাধানে দুটি পথ বিবেচনা করছে। প্রথমত, আন্তর্জাতিক সালিশি আদালতে চুক্তির বিতর্কিত বিষয়গুলো নিয়ে দ্বারস্থ হওয়া। দ্বিতীয়ত, আদানি পাওয়ারের সাথে সরাসরি দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে চুক্তির শর্তসমূহ সংশোধন ও বিদ্যুতের দাম কমানোর উদ্যোগ নেওয়া।
জাতীয় কমিটির সুপারিশ অনুযায়ী দেশের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও সংসদকে আশ্বস্ত করেন তিনি।
উল্লেখ্য, ২০১৭ সালে স্বাক্ষরিত ২৫ বছর মেয়াদি এই চুক্তির আওতায় ভারতের ঝাড়খণ্ডে অবস্থিত আদানির বিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। শুরু থেকেই চুক্তিটির স্বচ্ছতা ও মূল্য নিয়ে বিতর্ক রয়েছে।

সর্বাধিক পঠিত