আনোয়ারায় চাতরী চৌমুহনীতে উচ্ছেদ অভিযানে জনমনে স্বস্তি

আনোয়ারা ( চট্টগ্রাম ) প্রতিনিধিঃ
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার প্রাণকেন্দ্র চাতরী চৌমুহনী বাজারে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের অধিগ্রহণকৃত জমিতে পরিচালিত উচ্ছেদ অভিযানে স্বস্তি ফিরেছে জনমনে। দীর্ঘদিন ধরে অবৈধ দখলে থাকা গুরুত্বপূর্ণ এই সড়কটি দখলমুক্ত করার উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও পথচারীরা।
স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর সরকারি জমি দখল করে একটি প্রভাবশালী সিন্ডিকেট দোকানপাট গড়ে তুলে নির্বিঘ্নে ব্যবসা চালিয়ে আসছিল। প্রশাসনের একাধিক নোটিশ উপেক্ষা করে তারা দখল বজায় রাখে। ফলে সড়কটি সংকুচিত হয়ে পড়ে, সৃষ্টি হয় তীব্র যানজট, বিশৃঙ্খলা ও জনদুর্ভোগ।
বিশেষ করে অবৈধ পার্কিং ও ফুটপাত দখলের কারণে পথচারীরা চরম ভোগান্তিতে পড়েন। অতীতে একাধিকবার উচ্ছেদ অভিযান চালানো হলেও স্থায়ী সমাধান না হওয়ায় দখলদাররা পুনরায় জায়গা দখল করে নেয়—এমন অভিযোগ রয়েছে এলাকাবাসীর।
তবে এবারের অভিযানকে ইতিবাচক হিসেবে দেখছেন সবাই। তারা বলছেন, এটি যেন সাময়িক উদ্যোগে সীমাবদ্ধ না থেকে স্থায়ী সমাধানে রূপ নেয়।
স্থানীয় বাসিন্দা শহিদুল ইসলাম বলেন, আনোয়ারা এখন একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হয়েছে। চাতরী চৌমুহনী ও সিইউএফএল সড়ক এই এলাকার প্রাণপ্রবাহ। অবৈধ দখলের কারণে দীর্ঘদিন মানুষ ভোগান্তিতে ছিল। প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানাই, তবে এটি যেন স্থায়ী হয়।
এবারের এসএসসি পরীক্ষার্থী শাহিনুর বলেন, পরীক্ষার সময় এই সড়ক দিয়ে যাতায়াত করতে গিয়ে আমাদের অনেক কষ্ট হতো। যানজটের কারণে সময়মতো কেন্দ্রে পৌঁছানো নিয়ে দুশ্চিন্তায় থাকতে হতো। এখন সড়ক দখলমুক্ত হওয়ায় চলাচল সহজ হয়েছে। আমরা চাই ভবিষ্যতেও যেন এই ব্যবস্থা বজায় থাকে।
স্থানীয় ব্যবসায়ী মো. জসিম উদ্দিন বলেন, সড়ক দখল হয়ে যাওয়ায় ক্রেতারা বাজারে আসতে চাইত না। যানজটের কারণে ব্যবসাও ক্ষতিগ্রস্ত হচ্ছিল। এখন রাস্তা ফাঁকা হওয়ায় ব্যবসার পরিবেশ ভালো হবে বলে আশা করছি।
এ বিষয়ে সওজের দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী আব্দুল্লাহ আল নোমান পারভেজ জানান, জনদুর্ভোগ লাঘব এবং সড়কের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। সড়কের সম্পূর্ণ জায়গা দখলমুক্ত রাখাই আমাদের লক্ষ্য।
এলাকাবাসীর দাবি কঠোর নজরদারি নিশ্চিত করে পুনরায় দখল ঠেকাতে হবে, তবেই মিলবে স্থায়ী স্বস্তি।