
চিটাগং ট্রিবিউন ডেস্ক
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ডিসি সম্মেলনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে বলেছেন, ‘দেশের ইতিহাসে এত চমৎকার নির্বাচন আগে কখনো হয়নি। সামরিক ও অসামরিক বাহিনী একসঙ্গে কাজ করলে যেকোনো কঠিন কাজও সফলভাবে সম্পন্ন করা সম্ভব, এই নির্বাচন তার প্রমাণ। আমরা দেশ ও জাতিকে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরিয়ে এনেছি।’
গতকাল মঙ্গলবার (৫ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে সেনাপ্রধান এসব কথা বলেন।
সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধান বক্তব্য দেন। সেনাপ্রধান ডিসিদের উদ্দেশে বলেন, ‘আমি আপনাদের ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি। আপনারা জাতিকে একটি চমৎকার নির্বাচন উপহার দিয়েছেন। আমরা পাশে ছিলাম, কিন্তু নির্বাচন আয়োজনের দায়িত্ব পুরোপুরি আপনাদের ওপরই ছিল।’
সেনাপ্রধান বলেন, ‘একসময় দেশে আশা-নিরাশার পরিস্থিতি তৈরি হয়েছিল। দেশের মানুষ বিভ্রান্ত। বিভিন্ন ধরনের কথা উঠেছে। অনেকেই বলেছিলেন, ইলেকশন হবে না, এই হবে না, সেই হবে না। কিন্তু আমরা সেটিকে ভুল প্রমাণ করে দেশ ও জাতিকে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরিয়ে এনেছি। এটি ছোট কোনো অর্জন নয়। এই ইলেকশনে প্রশংসার দাবিদার আপনারা (ডিসিরা)।’
