
চিটাগং ট্রিবিউন ডেস্ক
ইন্দোনেশিয়ায় একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। দেশটির সুলাওয়েসি দ্বীপের পার্বত্য এলাকায় নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে বিমানটির ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে।
রোববার (১৮ জানুয়ারি) সকালে বিমানবাহিনীর একটি হেলিকপ্টার থেকে উদ্ধারকর্মীরা ধ্বংসাবশেষ দেখতে পান।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য নিশ্চিত করেছে।
উদ্ধার অভিযানের বিষয়ে তিনি বলেন, ‘বিমানের প্রধান অংশগুলো খুঁজে পাওয়ায় অনুসন্ধান এলাকা অনেকটাই সীমিত করা গেছে। এখন আমাদের যৌথ উদ্ধারকারী বাহিনী যাত্রী ও ক্রুদের সন্ধানে জোর দিচ্ছে।’
নিখোঁজ হওয়া টার্বোপ্রপ এটিআর ৪২-৫০০ বিমানটি পরিচালনা করছিল ইন্দোনেশিয়া এয়ার ট্রান্সপোর্ট। বিমানটি জাভা দ্বীপের ইয়োগ্যাকার্তা থেকে দক্ষিণ সুলাওয়েসির রাজধানী মাকাসার যাওয়ার পথে শনিবার রাডার থেকে হারিয়ে যায়।
বিমানে ছিলেন আটজন ক্রু সদস্য এবং মেরিন অ্যাফেয়ার্স অ্যান্ড ফিশারিজ মন্ত্রণালয়ের তিনজন কর্মকর্তা, যারা আকাশপথে একটি সামুদ্রিক নজরদারি মিশনে অংশ নিচ্ছিলেন।
ইন্দোনেশিয়ার জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা গেছে, উদ্ধারকারীরা কুয়াশায় ঢাকা পাহাড়ি পথ ধরে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ধ্বংসাবশেষের দিকে এগোচ্ছেন।
এদিকে বিমান ধ্বংসাবশেষের মধ্যে থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে বলে খবর দিয়েছে এবিসি নিউজ। রোববার (১৮ জানুয়ারি) বিকেলে পাহাড়ের চূড়া থেকে প্রায় ২০০ মিটার দূরে একটি গিরিখাতে কুয়াশাচ্ছন্ন পাহাড়ি এলাকায় মরদেহটি পাওয়া যায় বলে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে। বাকি নয়জনের অবস্থান এখনও জানা যায়নি।
১৭ হাজারের বেশি দ্বীপ নিয়ে গঠিত ইন্দোনেশিয়ায় যোগাযোগ ব্যবস্থা বিমান ও ফেরির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। তবে সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে বিমান দুর্ঘটনা ও ফেরি ডুবে যাওয়ার মতো একাধিক পরিবহন দুর্ঘটনা ঘটেছে।
