ইসরায়েলি অস্ত্র কারখানায় আগুন, দায় স্বীকার করে কড়া হুমকি গোপন সংগঠনের

চিটাগং ট্রিবিউন ডেস্ক
চেক প্রজাতন্ত্রে ইসরায়েলের অন্যতম বৃহৎ অস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘এলবিট সিস্টেমস’-এর সঙ্গে সংশ্লিষ্ট একটি কারখানায় ভয়াবহ অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। দ্য আর্থকোয়েক ফ্যাশন নামের একটি গোপন গোষ্ঠী (আন্ডারগ্রাউন্ড গ্রুপ) এই হামলার দায় স্বীকার করেছে।
দেশটির পুলিশ এই ঘটনার পেছনে কোনো ‘সন্ত্রাসবাদী যোগসূত্র’ আছে কি না, তা নিয়ে তদন্ত শুরু করেছে।
চেক কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্নিকাণ্ডের শিকার স্থাপনাটি একটি চেক কোম্পানি এবং ইসরায়েলি প্রতিষ্ঠান এলবিট সিস্টেমসের যৌথ পরিচালনায় ছিল। শুক্রবার ভোরে অগ্নিসংযোগে কারখানার বেশ কয়েকটি ভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।
এলবিট সিস্টেমস নিজেদের ইসরায়েলের সামরিক বাহিনীর স্থল ও আকাশপথে ব্যবহৃত অস্ত্রের প্রধান সরবরাহকারী হিসেবে পরিচয় দেয়। তাদের সরবরাহকৃত সামরিক সরঞ্জাম গাজা ও ইরান যুদ্ধে ব্যবহৃত হচ্ছে।
দ্য আর্থকোয়েক ফ্যাশন বার্তা আদান-প্রদানের মাধ্যম টেলিগ্রামে লিখেছে, ‘ইসরায়েলের বৃহত্তম অস্ত্র প্রস্তুতকারকের ইউরোপীয় কার্যক্রমের জন্য এই স্থানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এখন এটি জ্বলছে।’
তারা আরও লিখেছে, ইসরায়েলের সঙ্গে ‘সহযোগী আন্তর্জাতিক সরকারগুলোর কাছে ভিক্ষা চাওয়ার সময় আর নেই… তাদের হত্যার সরঞ্জামগুলো ধ্বংস করতে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেব।’ সূত্র: আল-জাজিরা