
চিটাগং ট্রিবিউন ডেস্ক
সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরলেই চোখে পড়ে একটি দৃশ্য গায়ে ময়লা শার্ট, হাতে চায়ের কাপ আর এক কিশোরের প্রাণখোলা হাসি। অগণিত মিম, ট্রল আর রিলসের কল্যাণে এই মুখটি এখন বিশ্বজুড়ে পরিচিত। কিন্তু পর্দার পেছনের মানুষটির পরিচয় বা তার বর্তমান অবস্থা অনেকেরই অজানা।
নিজের ভুবনভোলানো হাসির মাধ্যমে লাখো কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়া এই কিশোরের নাম অরুণ কুমার। ভারতের মুম্বাইয়ের এক অত্যন্ত দরিদ্র পরিবারে অরুণের বেড়ে ওঠা। অভাবের তাড়নায় চতুর্থ শ্রেণির পর আর পড়াশোনা করা সম্ভব হয়নি তার। খুব অল্প বয়সেই জীবিকার তাগিদে তাকে ট্রাকের হেলপার হিসেবে কাজ শুরু করতে হয়।
অরুণ কাজ করতেন নেহেরু নামের এক ট্রাক চালকের সঙ্গে, যাকে তিনি পরম শ্রদ্ধায় ‘নেহেরু আন্না’ বলে ডাকতেন। নেহেরুও তাকে ছোট ভাইয়ের মতো স্নেহ করতেন।
ভাইরাল হওয়া সেই দৃশ্যটি ছিল সম্পূর্ণ কাকতালীয়। একদিন ট্রাক ধুয়ে কাজ শেষ করার পর নেহেরু আন্না অরুণকে এক কাপ চা দেন এবং একটি কৌতুক (জোকস) শোনান। সেই জোকস শুনে অরুণ এতটাই হেসেছিলেন যে, তার হাত থেকে চা উপচে পড়ছিল। সেই মুহূর্তটি নেহেরু নিজের ফোনে রেকর্ড করে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন। মুহূর্তেই অরুণের সেই অকৃত্রিম হাসি বিশ্বজুড়ে ভাইরাল হয়ে যায়।
