Friday, June 26, 2026

করিয়ারদিয়ায় মৎস্যঘের দখলকে কেন্দ্র করে অস্ত্রসহ আটক ২

পেকুয়া প্রতিনিধি,
‎কক্সবাজারের পেকুয়ায় মৎস্যঘের দখলকে কেন্দ্র দুর্বৃত্তদের অস্ত্রের মহড়াকালে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৬ জুন) সকাল ১০ টার দিকে উপজেলার উজানটিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বিছাখালী বাহিরের ঘোনা ও মোক্তরের ঘোনা এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানান, পেকুয়া থানার ওসি মো. মেহেদী হাসান।
আটকরা হল, মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলা এলাকার মৃত উলা মিয়ার ছেলে নেজাম উদ্দিন (৩৭) এবং চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মাঝেরপাড়া এলাকার আব্দুল জব্বারের ছেলে শহিদুল ইসলাম (৩৫)।
মেহেদী হাসান বলেন, উজানটিয়া ইউনিয়নের করিয়ারদিয়া এলাকার একটি মৎস্যঘের দখলকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে উত্তেজনার খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এসময় ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়।

পরে আটকদের কাছ থেকে ২টি দেশীয় তৈরী বন্দুক, ২টি গুলি, ১৫টি গুলির খালি খোসা এবং একটি ইঞ্জিনচালিত বোট জব্দ করা হয়েছে।
আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

সর্বাধিক পঠিত