
চিটাগং ট্রিবিউন ডেস্ক
টাঙ্গাইলে জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী সদস্য পদে প্রথমবারের মতো গারো জাতিগোষ্ঠীর একজন নির্বাচিত হয়েছেন। নবনির্বাচিত এই সদস্যের নাম জন জেত্রা।
গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে জন জেত্রা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম–সমর্থিত প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। তিনি ৩৭৯ ভোট পেয়ে নির্বাচিত হন। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে গভীর রাতে ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মোয়াজ্জেম হোসেন।
বার–সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, টাঙ্গাইল জেলা আইনজীবী সমিতির ১৩৮ বছরের ইতিহাসে গারো জাতিগোষ্ঠী থেকে এই প্রথম কেউ কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হলেন।
বিষয়টি নিশ্চিত করে জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সহসভাপতি আবদুল গনি আলরুহী বলেন, বারে বর্তমানে আট শতাধিক সদস্য আছেন। এর মধ্যে জন জেত্রা ক্ষুদ্র জাতিগোষ্ঠীর একমাত্র সদস্য। গারো জাতিগোষ্ঠী থেকে প্রথমবারের মতো কেউ কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হওয়ায় তাঁরা আনন্দিত।
৩৫ বছর বয়সী জন জেত্রা ২০২৩ সালের ২২ নভেম্বর টাঙ্গাইল জেলা বারে যোগ দেন। বর্তমানে তিনি জ্যেষ্ঠ আইনজীবী শাহজাহান কবিরের সঙ্গে কাজ করছেন।
জন জেত্রা সরকারি আনন্দমোহন কলেজ থেকে স্নাতকোত্তর করেন। তিনি ২০১৬ সালে ময়মনসিংহ ল কলেজ থেকে এলএলবি পাস করেন। পরে ২০২৩ সালে বাংলাদেশ বার কাউন্সিল থেকে আইনজীবী হিসেবে সনদ লাভ করেন।
ছাত্রজীবনে গারো জাতিগোষ্ঠীর অধিকার আদায়ের বিভিন্ন আন্দোলনে যুক্ত ছিলেন জন। বর্তমানে তিনি মধুপুরভিত্তিক ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগঠন ‘জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদ’–এর সাধারণ সম্পাদক।
জন জেত্রা বলেন, নিজের জাতিগোষ্ঠী থেকে টাঙ্গাইলে প্রথম আইনজীবী হিসেবে ও প্রথমবার বার সমিতির নির্বাচনে নির্বাচিত হতে পেরে তিনি কৃতজ্ঞ। বার সমিতির কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি নিজের জাতিগোষ্ঠীর মানুষের আইনগত অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে চান।
