শনিবার, মার্চ ২১, ২০২৬

ট্রাম্পের চাপে ইরানের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে রাজি নেতানিয়াহু

চিটাগং ট্রিবিউন ডেস্ক
ইরানের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে সম্মত হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ধরনের হামলায় ক্ষোভ প্রকাশ করার পরই এই সিদ্ধান্ত আসে। খবর সিএনএনের
বৃহস্পতিবার (১৯ মার্চ) দেওয়া ভাষণে নেতানিয়াহু জানান, বিশ্বের বৃহত্তম গ্যাসক্ষেত্রগুলোর একটি ইরানের সাউথ পার্সে হামলার পর তিনি ট্রাম্পের আহ্বান মেনে গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনায় আর হামলা চালাবেন না। এই হামলাকে যুদ্ধের বড় ধরনের উত্তেজনা বৃদ্ধির ঘটনা হিসেবে দেখা হচ্ছে, যার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানির দাম বেড়ে যায়।
ওই হামলা নিয়ে নেতানিয়াহু দাবি করেন, ইসরায়েল একাই এটি পরিচালনা করেছে। এতে ট্রাম্পের সেই বক্তব্যের সঙ্গেই মিল পাওয়া যায়, যেখানে তিনি বলেন যুক্তরাষ্ট্র আগাম কিছু জানত না। তবে মার্কিন ও ইসরায়েলি একাধিক সূত্র জানিয়েছে, হামলার বিষয়ে ওয়াশিংটন অবগত ছিল—যা দুই নেতার বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক।
এদিকে, নেতানিয়াহুর ঘোষণার পর শুক্রবার তেলের দাম কিছুটা কমলেও, ভবিষ্যতে জ্বালানি বাজারে চাপ অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে। বিশ্লেষকদের মতে, তেলের দাম দীর্ঘ সময় ধরে উচ্চ পর্যায়েই থাকতে পারে।

সর্বাধিক পঠিত