নানা অপকর্মের অভিযোগে রাজস্থলীতে দুই সহোদরের বিরুদ্ধে মানববন্ধন

রাজস্থলী ( রাঙ্গামাটি ) প্রতিনিধিঃ
রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের শফিপুর এলাকায় মসজিদ, মাদ্রাসা ও কবরস্থান নিয়ে ষড়যন্ত্র, মাদক ব্যবসা এবং বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে দুই সহোদরের বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী।
শুক্রবার (২৬ জুন) জুমার নামাজের পর শফিপুর জামে মসজিদ প্রাঙ্গনে ‘শফিপুর এলাকাবাসী’ ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
শফিপুর জামে মসজিদ ও কবরস্থান পরিচালনা কমিটির সভাপতি মিজানুর রহমান প্রিন্স-এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি ছিদ্দিকির রহমান মোল্লা, সাধারন সম্পাদক আইয়ুব চৌধুরী, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মো. আব্দুল জব্বার, মো. আব্দুল কুদ্দুস গাজী, মো. তালিব হোসেন, মো. আওয়াল হোসেন, মো. জুলহাস সিকদার, মো. মাকসুদুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুলসংখ্যক এলাকাবাসী।
বক্তারা অভিযোগ করে বলেন, শফিপুর এলাকার রিয়াজ উদ্দিন রানা ও তার বড় ভাই আব্দুর রাজ্জাক, যিনি হিল ভিডিপির ৩নং প্লাটুনের পিসি, নিজেদের পরিচয় ও প্রভাব ব্যবহার করে দীর্ঘদিন ধরে এলাকায় ভয়ভীতির পরিবেশ সৃষ্টি করে আসছেন। তাদের বিরুদ্ধে বিভিন্ন মানুষের জমি দখল, মিথ্যা মামলা দিয়ে হয়রানি, উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশ, প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি এবং এলাকায় মাদকের বিস্তার ঘটানোর অভিযোগ তোলেন তারা।
বক্তারা আরও বলেন, মসজিদ, কবরস্থান ও ধর্মীয় প্রতিষ্ঠানকে কেন্দ্র করে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে সামাজিক সম্প্রীতি নষ্টের চেষ্টা করা হচ্ছে। এসব কর্মকাণ্ডের প্রতিবাদ করলে স্থানীয় সামাজিক ও ধর্মীয় নেতাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন তারা।
মানববন্ধনে বক্তব্য দেন, বাঙ্গালহালিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আইয়ুব চৌধুরী। তিনি বলেন, কয়েকদিন আগে সালামের দোকানের সামনে একটি ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীর সঙ্গে আব্দুর রাজ্জাকের বিরোধের সৃষ্টি হয়। অথচ ওই ঘটনাকে রাজনৈতিক রূপ দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে বিএনপির বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে, যা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত।
তিনি এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বলেন, ঘটনাটির সঙ্গে বিএনপির কোনো সম্পৃক্ততা ছিল না।
আইয়ুব চৌধুরী আরও বলেন, বিষয়টি একটি সামাজিক সমস্যা হওয়ায় এর নিরপেক্ষ ও স্থায়ী সমাধানের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত উদ্যোগ গ্রহণ করা জরুরি।
মানববন্ধন থেকে বক্তারা দাবি করেন, মসজিদ, কবরস্থান, জমিজমা সংক্রান্ত বিরোধ এবং এলাকায় মাদক বিস্তারের অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনা হোক।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে সাংবাদিক রিয়াজ উদ্দিন রানা বলেন, কবরস্থানের গাছ বিক্রি ও অনুদান ব্যবস্থাপনায় অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশের পর থেকেই তার পরিবারের ওপর হামলা, জমি দখল এবং হয়রানি শুরু হয়েছে। মানববন্ধনে তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সঠিক নয় বলে দাবি করে তিনি বিষয়টি প্রশাসনের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের আহ্বান জানান।