শনিবার, মে ১৬, ২০২৬

নারীর দাফন নিয়ে গ্রামবাসীর আপত্তি, অবশেষে পুলিশের হস্তক্ষেপ

চিটাগং ট্রিবিউন ডেস্ক
চুয়াডাঙ্গায় টিকটকে নাচ-গান নিয়ে বিতর্কে এক নারীর মরদেহ দাফনকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়েছে। স্থানীয়দের আপত্তির মুখে বৃহস্পতিবার (১৪ মে) বিকালে নিহতের মরদেহ বাড়িতে পৌঁছানোর দাফনে বাধা দেন স্থানীয়রা।
স্থানীয়রা জানান, ঝিনাইদহ শহরের একটি ভাড়া বাসায় স্বামীর সঙ্গে বসবাস করতেন ওই নারী। পারিবারিক কলহের কারণে বুধবার রাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। বৃহস্পতিবার সকালে ময়নাতদন্ত শেষে বিকালে তার মরদেহ চুয়াডাঙ্গার দৌলতদিয়াড় এলাকার নিজ বাড়িতে আনা হয়। মরদেহ বাড়িতে পৌঁছানোর পরপরই দাফন নিয়ে আপত্তি তোলেন স্থানীয়রা।
স্থানীয়দের অভিযোগ, ছোটবেলা থেকেই নাচ-গান করতেন ওই নারী। অংশ নিতেন বিভিন্ন অনুষ্ঠানে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে তার কর্মকাণ্ড নিয়েও আপত্তি ছিল বলে দাবি করেন তারা। তার পরিবারের বিরুদ্ধে মাদক সংশ্লিষ্টতার অভিযোগও তোলা হয়। এসব কারণ দেখিয়ে স্থানীয় কবরস্থানে তার মরদেহ দাফনে অস্বীকৃতি জানানো হয়।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও কবরস্থান কমিটির সঙ্গে কথা বলে ধর্মীয় ও মানবিক দৃষ্টিকোণ থেকে বিষয়টি সমাধান করা হয়েছে। পরে রাতেই দাফন সম্পন্ন হয়েছে।

সর্বাধিক পঠিত