নোয়াখালীতে বজ্রপাতে জেলের মৃত্যু, আহত ২

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বজ্রপাতে ঠাকুর চাঁন (২৮) নামে এক জেলের মৃত্যু হয়েছে। এসময় তার বাবা জর্নাদনসহ আরও দুইজন আহত হয়েছেন।
বুধবার দিবাগত রাত আনুমানিক সোয়া ১টার দিকে উপজেলার মুছাপুর ক্লোজার সংলগ্ন ছোট ফেনী নদীর খালে এ ঘটনা ঘটে।
নিহত ঠাকুর চাঁন উপজেলার মুছাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জেলে পাড়ার জনারদনের ছেলে।
স্থানীয়রা জানায়, বুধবার দিবাগত রাতে ছোট ফেনী নদীর খালে জনার্দন ছেলে ঠাকুর চাঁনসহ তিনজনকে সাথে নিয়ে মাছ ধরতে যান । এসময় হঠাৎ বজ্রপাত হলে তারা গুরুতরভাবে আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করতে গেলে ঘটনাস্থলেই ঠাকুর চাঁনকে মৃত অবস্থায় এবং তার বাবাসহ দুইজনকে আহত অবস্থায় উদ্ধার করেন।
আহতদের মধ্যে রবিউল হোসেন আশঙ্কামুক্ত থাকলেও নিহতের বাবা জনারদনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
স্থানীয়রা বলছেন, প্রতিকূল আবহাওয়ার সময় নদী ও খোলা স্থানে না যাওয়ার বিষয়ে সচেতনতা বাড়ানো জরুরি।
কোম্পানীগঞ্জ থানার ওসি মো. নুরুল হাকিম বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। বজ্রপাতে এক জেলের মৃত্যু হয়েছে। এতে আরও দুইজন আহত হয়।