
চিটাগং ট্রিবিউন ডেস্ক
সামাজিক যোগাযোগমাধ্যমে এক প্রতীকী ছবি পোস্ট করে নতুন করে আলোচনায় এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে মার্কিন বাহিনীর সাম্প্রতিক হামলার পর নিজের প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে পোস্ট করা ছবি দিয়ে তিনি কী বোঝাতে চেয়েছেন তা নিয়ে ব্যাপক সমালোচনা চলছে।
নিজের প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি যে ছবি শেয়ার করেছেন তিনি সেখানে তাকে পুরো পৃথিবীর ভার নিজের কাঁধে বহন করতে দেখা যাচ্ছে।
শনিবার (২৭ জুন) শেয়ার করা ওই ছবিতে দেখা যায়, ট্রাম্প আমেরিকার জাতীয় পতাকা গায়ে জড়িয়ে আছেন এবং নিজের দুই হাতে পুরো পৃথিবীকে উঁচিয়ে ধরে রেখেছেন। তবে এই পোস্টের সঙ্গে ট্রাম্প কোনো ক্যাপশন বা বার্তা যোগ করেননি।
ওই ছবিতে তাকে দেখা যাচ্ছে অ্যাটলাসের ভূমিকায়। গড অব ওয়ার সিরিজের দেবতা অ্যাটলাসের মতো দেখতে এ ছবিতে ট্রাম্প নিজেকে এটলাসের সঙ্গে তুলনা করেছেন কি না তা নিয়েও চলছে জল্পনা। ‘গড অফ ওয়ার’ সিরিজে, অ্যাটলাস হলেন সহনশীলতার এক শক্তিশালী টাইটান এবং টাইটানদের প্রাক্তন সামরিক নেতা। অলিম্পিয়ান দেবতাদের কাছে পরাজিত হওয়ার পর, তাকে ‘পিলার অফ দ্য ওয়ার্ল্ড’-এর (বিশ্ব-স্তম্ভের) ওপর দাঁড়িয়ে অনন্তকাল ধরে নিজের কাঁধে পৃথিবীকে বহন করার শাস্তি দেওয়া হয়েছিল।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদন অনুযায়ী, ইরানে ড্রোন মজুদ রাখার স্থানে মার্কিন বাহিনীর সাম্প্রতিক হামলার ঠিক একদিন পরই ট্রাম্প এই ছবি শেয়ার করলেন।
