
চিটাগং ট্রিবিউন ডেস্ক
মৌলভীবাজারের রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের ভোলানগর গ্রামে ধানি জমিতে ধান কাটতে গিয়ে বজ্রাঘাতে তালেব মিয়া (৪১) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২২ মে) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি ওই গ্রামের আয়ুব মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার সকালে বাড়ির পাশে বোরো ধান কাটতে যান তালেব মিয়া। এ সময় হঠাৎ ঝড়বৃষ্টি শুরু হলে বজ্রপাত ঘটে। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করেন। বজ্রাঘাতে তার বুক ঝলসে যায়।
কামারচাক ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মিজানুর রহমান খান বলেন, ধান কাটার সময় বজ্রাঘাতে কৃষক ঘটনাস্থলেই মারা যান। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন আহমেদ ভূঁইয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
