রবিবার, মে ৩, ২০২৬

রাঙামাটিতে ছাত্রদলের নতুন কমিটি ঘিরে ক্ষোভ, সড়ক অবরোধ

রাঙামাটি প্রতিনিধিঃ

দীর্ঘ প্রায় ৮ বছর পর বাংলাদেশ ছাত্রদল রাঙামাটি জেলা শাখার নতুন আংশিক কমিটি ঘোষণা ঘিরে বিক্ষোভ করেছেন বিক্ষুদ্ধ একাংশের নেতাকর্মীরা।রবিবার (৩ মে) বেলা বারটার দিকে রাঙামাটি জেলা বিএনপি কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন তারা। এসময় সড়ক অবরোধও করা হয়।

এর আগে শনিবার কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছিরউদ্দিন নাছিরের স্বাক্ষরে রাঙামাটি জেলা ছাত্রদলের ২৩ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়। এতে মো. অলি আহাদকে সভাপতি, নাঈমুল ইসলাম রনিকে সাধারণ সম্পাদক এবং গালিব হাসানকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

বিক্ষোভে অংশ নেওয়া নেতাকর্মীদের অভিযোগ, নবঘোষিত এই কমিটিতে সংগঠনের গঠনতন্ত্র উপেক্ষা করে অছাত্র, বিবাহিত এবং বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। তাদের দাবি, কিছু সদস্যের বিরুদ্ধে অপহরণ ও চাঁদাবাজির মতো গুরুতর অভিযোগও রয়েছে, যা সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।

সমাবেশে বক্তারা বলেন, ছাত্রদলের মতো একটি ছাত্র সংগঠনে অছাত্র ও অযোগ্যদের অন্তর্ভুক্তি তৃণমূল পর্যায়ের ত্যাগী নেতাকর্মীদের হতাশ করছে।

তারা দ্রুত এই কমিটি বাতিল করে যোগ্য ও প্রকৃত ছাত্রদের নিয়ে নতুন কমিটি গঠনের দাবি জানান।

সর্বাধিক পঠিত