রাজস্থলীতে মধ্যরাতে আগুনে পুড়ল বসতঘর, খোলা আকাশে খিয়াং পরিবার

রাজস্থলী (রাঙ্গামাটি) প্রতিনিধিঃ
রাঙ্গামাটির রাজস্থলী উপজেলা উপজেলার ১নং ঘিলাছড়ি ইউনিয়নের শিলছড়ি খিয়াং পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অংথইউ খিয়াং নামে এক ক্ষুদ্র জুমচাষির বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।
এতে জুমের ধান, হলুদ, নগদ টাকা ও আসবাবপত্রসহ সর্বস্ব হারিয়ে এখন মানবেতর জীবনযাপন করছেন পরিবারটি।
বুধবার (২০ মে) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ততক্ষণে ঘরের সবকিছু পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত অংথইউ খিয়াং জানান, গত বছরের জুম চাষের প্রায় ৮০ আড়ি ধান, ৬ মণ হলুদ, প্রায় ২ লাখ টাকার আসবাবপত্র এবং ঘরে থাকা নগদ ৩১ হাজার ৫০০ টাকা আগুনে পুড়ে গেছে। তিনি বলেন, “সবকিছু হারিয়ে আমি এখন সম্পূর্ণ নিঃস্ব হয়ে পড়েছি।”
স্থানীয় দায়িত্বশীল সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডের পর স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে খোলা আকাশের নিচে দিন কাটাতে হচ্ছে অংথইউ খিয়াং পরিবারকে। দ্রুত সরকারি ও বিত্তবানদের সহযোগিতা না পেলে পরিবারটি চরম সংকটে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।
এ বিষয়ে খালেদ হোসেন বলেন, “অগ্নিকাণ্ডের বিষয়টি আমরা জেনেছি। ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রয়োজনীয় সহযোগিতার বিষয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করা হচ্ছে। আগুন লাগার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।”
এ ঘটনায় স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের সহানুভূতিশীল সহযোগিতা কামনা করেছেন এলাকাবাসী।