সুশাসন ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ার অঙ্গীকার নুর আহমদ আনোয়ারীর

কেফায়েত উল্লাহ, টেকনাফ
টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারীর নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।
হ্নীলা ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মুহাম্মদ গিয়াস উদ্দীনের সভাপতিত্বে এবং ইউনিয়ন সেক্রেটারি মাওলানা মুহাম্মদ ইব্রাহীম মাহমুদের সঞ্চালনায় লেদা এলাকার প্রধান সড়ক ও আশপাশের এলাকায় এ পথসভা অনুষ্ঠিত হয়। এতে বিপুল সংখ্যক স্থানীয় জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
পথসভায় বক্তব্য প্রদানকালে অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী বলেন, “দাঁড়িপাল্লার বিজয় মানেই কৃষক, শ্রমিক ও মেহনতী মানুষের বিজয়।” তিনি নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করা, ন্যায়বিচার প্রতিষ্ঠা, সুশাসন কার্যকর করা এবং জনগণের মৌলিক অধিকার সংরক্ষণে নিরলসভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, দুর্নীতি, সন্ত্রাস ও বৈষম্যের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়ে একটি শান্তিপূর্ণ ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা হবে। পাশাপাশি শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং অবকাঠামোগত উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলেও তিনি জানান।
পথসভা চলাকালে প্রার্থী সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও দাবিদাওয়া মনোযোগ সহকারে শোনেন। এ সময় স্থানীয় নেতৃবৃন্দ ও দলীয় কর্মী-সমর্থকরা উপস্থিত থেকে নির্বাচনী কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
পথসভা শেষে উপস্থিত জনসাধারণ প্রার্থীর বক্তব্যে সন্তোষ প্রকাশ করেন এবং আসন্ন নির্বাচনে তাকে সমর্থনের আশ্বাস দেন।
এ সময় আরও বক্তব্য রাখেন কক্সবাজার জেলা জামায়াতে ইসলামীর সমাজকল্যাণ সম্পাদক নুর হোসাইন সিদ্দিকী, টেকনাফ উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি সরওয়ার কামাল সিকদার ও জামায়াত নেতা মীর মুহাম্মদ জাহাঙ্গীর।