দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অষ্টম বাংলাদেশি হিসেবে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করলেন বাংলাদেশের পর্বতারোহী নুরুন্নাহার নিম্নি। বুধবার (২৭ মে) নেপাল সময় সকাল ৫টা ২৪ মিনিটে এভারেস্টের চূড়ায় উঠে বাংলাদেশের লাল-সবুজ পতাকা ওড়ান তিনি। খবরটি নিশ্চিত করেছে বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব।
২০১২ সালে নিশাত মজুমদার ও ওয়াসফিয়া নাজরীনের ১৪ বছর পর বাংলাদেশি কোনো নারী এভারেস্টের শিখরে উঠলেন। এবারের অভিযানে বাংলাদেশ থেকে একমাত্র আরোহী ছিলেন নিম্নি।
গত ১১ এপ্রিল ঢাকা থেকে নেপালে যাত্রা শুরু করেন তিনি। কয়েক দফা প্রতিকূল আবহাওয়া মোকাবিলা করে অবশেষে ২৫ মে আবার সামিট পুশ শুরু করেন। ক্যাম্প-৪ থেকে চূড়ান্ত আরোহণ শেষে আজ ভোরে পৌঁছে যান বিশ্বের সর্বোচ্চ শিখরে।
বর্তমানে পূবালী ব্যাংক পিএলসি–এর প্রিন্সিপাল অফিসার হিসেবে কর্মরত নিম্নি পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগে। পাহাড়ের প্রতি ভালোবাসা থেকেই তার পর্বতারোহণে যাত্রা শুরু।