
চিটাগং ট্রিবিউন ডেস্ক
ফুটবল বিশ্বে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন ব্রাজিলের কিংবদন্তি তারকা রোনালদিনহো। বয়স প্রায় ৪৬ হলেও তাঁকে ঘিরে ভক্তদের আগ্রহে ভাটা পড়েনি। ইতালির তৃতীয় বিভাগের ক্লাব রাভেনার সঙ্গে চুক্তি করে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন সাবেক ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলার।
প্রথমদিকে ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছিল, রোনালদিনহোকে মূলত ব্র্যান্ডিং ও প্রচারণামূলক কার্যক্রমে যুক্ত করা হবে। তবে সময়ের সঙ্গে সঙ্গে প্রশ্ন উঠতে শুরু করে—তাহলে কি আবারও প্রতিযোগিতামূলক ফুটবলে দেখা যাবে ‘সাম্বা জাদুকরকে’?
সেই জল্পনায় নতুন মাত্রা যোগ করেছে ক্লাবের সাম্প্রতিক অবস্থান। রাভেনা জানিয়েছে, রোনালদিনহোকে মাঠে নামানোর সম্ভাবনাও পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পরিস্থিতি অনুকূলে থাকলে তাঁকে প্রতিযোগিতামূলক ম্যাচেও দেখা যেতে পারে।
ইতালির তৃতীয় বিভাগের এই ক্লাবটির সঙ্গে তাঁর চুক্তি ইতোমধ্যেই ফুটবল অঙ্গনে বড় চমক হিসেবে বিবেচিত হচ্ছে। আগামী ২৩ জুন মায়ামিতে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে তাঁকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে। এর মধ্য দিয়ে ইতালিয়ান ফুটবলের সঙ্গে আবারও আনুষ্ঠানিকভাবে যুক্ত হচ্ছেন রোনালদিনহো। এর আগে তিনি এস মিলানের হয়ে আড়াই মৌসুম খেলেছিলেন।
