বুধবার, মে ৬, ২০২৬

আমরা দেশ ও জাতিকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরিয়ে এনেছি

চিটাগং ট্রিবিউন ডেস্ক 

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ডিসি সম্মেলনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে বলেছেন, ‘দেশের ইতিহাসে এত চমৎকার নির্বাচন আগে কখনো হয়নি। সামরিক ও অসামরিক বাহিনী একসঙ্গে কাজ করলে যেকোনো কঠিন কাজও সফলভাবে সম্পন্ন করা সম্ভব, এই নির্বাচন তার প্রমাণ। আমরা দেশ ও জাতিকে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরিয়ে এনেছি।’

গতকাল মঙ্গলবার (৫ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে সেনাপ্রধান এসব কথা বলেন।

সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধান বক্তব্য দেন। সেনাপ্রধান ডিসিদের উদ্দেশে বলেন, ‘আমি আপনাদের ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি। আপনারা জাতিকে একটি চমৎকার নির্বাচন উপহার দিয়েছেন। আমরা পাশে ছিলাম, কিন্তু নির্বাচন আয়োজনের দায়িত্ব পুরোপুরি আপনাদের ওপরই ছিল।’

সেনাপ্রধান বলেন, ‘একসময় দেশে আশা-নিরাশার পরিস্থিতি তৈরি হয়েছিল। দেশের মানুষ বিভ্রান্ত। বিভিন্ন ধরনের কথা উঠেছে। অনেকেই বলেছিলেন, ইলেকশন হবে না, এই হবে না, সেই হবে না। কিন্তু আমরা সেটিকে ভুল প্রমাণ করে দেশ ও জাতিকে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরিয়ে এনেছি। এটি ছোট কোনো অর্জন নয়। এই ইলেকশনে প্রশংসার দাবিদার আপনারা (ডিসিরা)।’

ডিসিদের উদ্দেশে সেনাপ্রধান আরও বলেন, ‘যেকোনো প্রয়োজনে সেনাবাহিনীর সহায়তা চাইলে তা দ্রুত পাওয়া যাবে। সংশ্লিষ্ট সেনা ফরমেশনকে জানালে তারা তাৎক্ষণিকভাবে সহযোগিতা করবে।
এ বিষয়ে তাদের ইনস্ট্রাকশন দেওয়া আছে। দুর্যোগ, দুর্ঘটনা বা অন্য যে কোনো পরিস্থিতিতে আপনাদের সহযোগিতা করতে তারা প্রস্তুত রয়েছে।’
সেনাপ্রধান বলেন, ‘খুব ভালো লাগল আপনাদের এখানে এসে ইন্টার‌্যাক্ট করে; এবং আমি মাননীয় প্রতিরক্ষা উপদেষ্টার জন্য একটা বড় সময় রেখে দিতে চাচ্ছি। উনি বাকি জিনিসগুলো বলবেন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।’

সর্বাধিক পঠিত