প্রিন্ট এর তারিখঃ মে ১৬, ২০২৬, ১:১৭ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১৬, ২০২৬, ৫:১০ অপরাহ্ণ
আ.লীগ ফিরলে প্রথম গুলি চালাবে তারেক রহমানের ওপর: নাসীরুদ্দীন পাটওয়ারী
চিটাগং ট্রিবিউন ডেস্ক
শেখ হাসিনা উঁকিঝুঁকি দিচ্ছে, আওয়ামী লীগ ফিরলে প্রথম গুলি চালাবে তারা তারেক রহমানের ওপর-এমন মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
শনিবার (১৬ মে) দুপুরে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন দল থেকে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগদান অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এ মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, অতীতে রাজনৈতিক সংঘাতের ইতিহাস টেনে এনে তিনি মন্তব্য করেন, তখন জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছিল এবং ইতিহাস জানা না থাকলে একই ধরনের পরিণতি ঘটতে পারে বলেও সতর্ক করেন। তারেক রহমানকে উদ্দেশ করে তিনি আওয়ামী লীগের সঙ্গে কোনো ধরনের সমঝোতায় না যাওয়ার আহ্বান জানান।
সরকারের বিভিন্ন সামাজিক সুরক্ষা কার্ড কর্মসূচির সমালোচনা করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, উন্নয়ন প্রত্যাশা অনুযায়ী হয়নি, বরং জনগণকে কিছু কার্ড দেওয়া হয়েছে যেগুলোর মাধ্যমে প্রকৃত সুফল মিলছে না। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রয়োজন হলে তারা 'লাল কার্ড' তৈরি করে সরকারের কাছে তুলে ধরবেন।
তিনি আরও বলেন, সংস্কার বাস্তবায়নে ব্যর্থ হলে সরকারের ক্ষমতায় থাকার নিশ্চয়তা দেওয়া সম্ভব নয়। জনগণের ভোট ও ম্যান্ডেটের প্রতি কোনো ধরনের অবজ্ঞা করা হলে রাজনৈতিক প্রতিক্রিয়া আসবে বলেও তিনি মন্তব্য করেন।
ফারাক্কা লংমার্চ দিবসের প্রসঙ্গ টেনে তিনি ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ও পররাষ্ট্রনীতির সমালোচনা করেন। তিনি বলেন, মওলানা ভাসানীর আদর্শ অনুসরণ করতে হলে তার নীতিও অনুসরণ করতে হবে, নতুবা রাজনৈতিক প্রতীক ব্যবহারের অধিকার নেই।
এনসিপি নেতা আরও অভিযোগ করেন, বাংলাদেশে একটি "ভারতকেন্দ্রিক প্রভাবশালী গোষ্ঠী" সক্রিয় রয়েছে এবং তাদের সঙ্গে কোনো ধরনের সমঝোতা করা যাবে না। সীমান্তে হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে তিনি পানির ন্যায্য অধিকার ও জাতীয় স্বার্থ রক্ষার দাবি জানান।
তিনি রাজশাহীর নদ-নদীতে পানির সংকট নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এবং বলেন, নদীতে পানি না থাকলে খাল খননের মতো উদ্যোগ অর্থবহ হয় না। প্রয়োজন হলে রাজশাহীবাসীকে বৃহত্তর আন্দোলনের দিকেও যাওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনসিপির রাজশাহী মহানগরের আহ্বায়ক মোবাশ্বের আলী। উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম সদস্যসচিব এ বি এম গাজী সালাউদ্দিন আহমেদ, এস এম সাইফ মোস্তাফিজ, সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, জাতীয় নারীশক্তির আহ্বায়ক মনিরা শারমিনসহ অন্যান্য নেতারা। অনুষ্ঠান সঞ্চালনা করেন মহানগরের সদস্যসচিব আতিকুর রহমান।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত