প্রিন্ট এর তারিখঃ জুন ২৯, ২০২৬, ১১:০৮ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২৮, ২০২৬, ১২:০৪ পি.এম
ইনানীতে সাগরে গোসলে নেমে নিখোঁজের ২১ ঘন্টার পর পর্যটকের মৃতদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজারে উখিয়া উপজেলার ইনানীস্থ নৌবাহিনীর জেটি ঘাট সংলগ্ন সাগরে গোসল করতে নেমে নিখোঁজের ২১ ঘন্টা পর পর্যটকের মৃতদেহ উদ্ধার হয়েছে।
রোববার (২৮ জুন) সকাল ৯ টার দিকে রেজু ব্রিজ সংলগ্ন নদীতে ভাসমান অবস্থায় মৃতদেহটি উদ্ধার হয়েছে।
মৃত উদ্ধার পর্যটক মোহাম্মদ সায়েম (২২) চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার কুয়াইশ এলাকার মোহাম্মদ ইকবালের ছেলে।
বিচকর্মিদের ইনচার্জ মাহবুবুর রহমান বলেন, সকালে রেজু ব্রিজ সংলগ্ন নদীতে একটি মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা বিচকর্মি, কোস্ট গার্ড ও পুলিশকে খবর দেয়। পরে বিচকর্মি ও কোস্ট গার্ড সদস্যরা স্থানীয়দের সহায়তার মৃতদেহটি উদ্ধার করেছে।
সায়েমের সঙ্গে কক্সবাজার ঘুরতে আসা বন্ধু আরমান মৃতদেহটির পরিচয় শনাক্ত করেছেন বলে জানান তিনি।
এর আগে, শনিবার দুপুরে উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ইনানীস্থ নৌবাহিনীর জেটি ঘাটে দুই বন্ধু মোহাম্মদ সায়েম ও আরমান একসঙ্গে সমুদ্রে গোসল করতে নামেন। গোসলের একপর্যায়ে সায়েম ঢেউয়ের স্রোতের টানে তলিয়ে যান। এসময় সায়েমকে উদ্ধারের চেষ্টা করলেও ব্যর্থ হন বন্ধু আরমান।
ঘটনার পর থেকে বিচকর্মি, কোস্ট গার্ড ও পুলিশ সহ সংশ্লিষ্টরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খুঁজাখুঁজি করেও নিখোঁজের সন্ধান পাওয়া যায়নি।
উদ্ধার হওয়া মৃতদেহটি কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রয়েছে বলে জানান, বিচকর্মিদের ইনচার্জ মাহবুবুর রহমান।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত