প্রিন্ট এর তারিখঃ মে ৯, ২০২৬, ১২:৪৮ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৯, ২০২৬, ১০:৪৬ অপরাহ্ণ
ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে এফ-৩৫ যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত, নিশ্চিত করলো যুক্তরাষ্ট্র
চিটাগং ট্রিবিউন ডেস্ক
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের মধ্যে যুক্তরাষ্ট্রের একটি আধুনিক যুদ্ধবিমান এফ-৩৫ লাইটনিং ২ জরুরি অবতরণ করেছে। ধারণা করা হচ্ছে, ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হওয়ার পর বিমানটি বাধ্য হয়ে অবতরণ করে। বিষয়টি নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্র এবং মার্কিন সামরিক কর্তৃপক্ষ। খবর সিএনএনের
মার্কিন সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিনস জানিয়েছেন, যুদ্ধবিমানটি ইরানের আকাশসীমার ওপর একটি যুদ্ধ মিশনে নিয়োজিত ছিল। এ সময় এটি ক্ষতিগ্রস্ত হয়ে জরুরি অবতরণ করে। তিনি আরও জানান, বিমানটি নিরাপদে অবতরণ করেছে এবং পাইলটও সুস্থ আছেন। তবে ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
এটি চলমান সংঘাতে প্রথমবারের মতো ইরান যুক্তরাষ্ট্রের কোনো যুদ্ধবিমানকে লক্ষ্য করে আঘাত হেনেছে বলে ধারণা করা হচ্ছে। ইরান ও ইসরায়েল—উভয় দেশই এই সংঘাতে এফ-৩৫ যুদ্ধবিমান ব্যবহার করছে, যার মূল্য ১০০ মিলিয়ন ডলারেরও বেশি।
ঘটনাটি এমন এক সময়ে ঘটলো, যখন মার্কিন প্রশাসন ইরানের বিরুদ্ধে তাদের সামরিক অভিযানে সাফল্যের দাবি করে আসছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পেট হেগসেথ বৃহস্পতিবার (১৯ মার্চ) বলেছেন, ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রায় সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়েছে।
বিশ্লেষকদের মতে, এ ধরনের ঘটনা যুদ্ধ পরিস্থিতিকে আরও জটিল ও উত্তেজনাপূর্ণ করে তুলতে পারে। কারণ উন্নত প্রযুক্তির যুদ্ধবিমান লক্ষ্যবস্তু হওয়া উভয়পক্ষের মধ্যে সরাসরি সংঘর্ষের মাত্রা বাড়িয়ে দেয়।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত