ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি বলেছেন, তাঁর দেশ খুব শিগগিরই এমন এক অস্ত্র দিয়ে শত্রুর মুখোমুখি হবে, যেটিকে তারা গভীরভাবে ভয় পায়। স্থানীয় সময় গতকাল বুধবার তিনি বলেন, ‘আর সেটি তাদের একেবারে কাছেই রয়েছে।’ অস্ত্রটির প্রসঙ্গে ইঙ্গিত করে তিনি আরও যোগ করেন, ‘আশা করি, তারা এটা দেখে হার্ট অ্যাটাক করবে না।’
কমান্ডার ইরানির ভাষ্য অনুযায়ী, ইরান আরব সাগরের দিক থেকেও হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। তিনি সতর্ক করে বলেন, ‘তারা যদি আর একটু কাছাকাছি আসে, আমরা কোনো বিলম্ব ছাড়াই অপারেশনাল পদক্ষেপ নেব।’ অবরোধ সত্ত্বেও, তিনি বলেন, ‘আমাদের বন্দরগুলো থেকে কিছু জাহাজ যাত্রা করেছে, এবং কিছু তাদের গন্তব্যে পৌঁছেছে।’
এ ছাড়া, অবরোধের অংশ হিসেবে কিছু ইরানি জাহাজ অবৈধভাবে জব্দ করার জন্য মার্কিন বাহিনীর তীব্র নিন্দা জানান ইরানি। তিনি এই কর্মকাণ্ডকে শুধু ‘জলদস্যুতা’ নয়, বরং ‘জিম্মি করা’ হিসেবেও আখ্যা দেন। তিনি বলেন, ‘তারা জাহাজে থাকা নাবিক ও তাদের পরিবারকে জিম্মি করে রেখেছে। আমেরিকানরা সোমালিয়ার জলদস্যুদের চেয়েও খারাপ, কারণ সোমালি জলদস্যুরা দারিদ্র্যের কারণে এমন কাজ করত, কিন্তু এরা তাদের নৃশংসতার সঙ্গে জিম্মি করাকেও যুক্ত করেছে।’
তবে কমান্ডার দৃঢ়ভাবে বলেন, ইসলামি প্রজাতন্ত্রের সশস্ত্র বাহিনী দেশের শহীদদের প্রতিশোধ নেওয়ার জন্য ‘রক্তের শেষ বিন্দু পর্যন্ত’ শপথবদ্ধ। তিনি বলেন, ‘আমরা তাদের ওপর এমন আঘাত হানব, যা তাদের গভীর অনুশোচনায় ফেলবে।’