
ঈদগাঁও প্রতিনিধিঃ
কক্সবাজারের ঈদগাঁওতে অবৈধ পথে মিয়ানমার থেকে আনা ১০টি গরু এবং চোরাচালান কাজে ব্যবহৃত একটি মিনিট্রাক সহ সিরাজুল ইসলাম (২৫) নামে এক চালককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৬ মে) মধ্যরাত ২ টার দিকে ঈদগাঁও উপজেলার সদর ইউনিয়নের মেহেরঘোনা ৪ নম্বর ওয়ার্ডের একটি এলপিজি পেট্রোল পাম্পের সামনে এ অভিযান চালানো হয়েছে।
আটক চালক সিরাজুল ইসলাম (২৫) রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের ০৯ নম্বর ওয়ার্ডের উখিয়ার ঘোনা এলাকার আব্দুর রহমানের ছেলে।
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার মধ্যরাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ঈদুল আজহা উপলক্ষ্যে নিরাপত্তা নিশ্চিতে পুলিশ একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। এক পর্যায়ে রামুর পানিরছড়া বাজারের দিক থেকে আসা একটি সন্দেহজনক মিনিট্রাক সেখানে পৌঁছালে পুলিশ সদস্যরা থামার জন্য নির্দেশ দেন। এতে গাড়িটি থামা মাত্রই এর পেছনের বডিতে থাকা দুই ব্যক্তি দ্রুত নেমে পাশের ধান ক্ষেতের মধ্য দিয়ে পালিয়ে যায়।
পরে পুলিশ ঘটনাস্থল থেকে চালক সিরাজুল ইসলামকে আটক করে এবং গাড়িতে থাকা বহন করা ১০ টি চোরাই গরু জব্দ করা হয়।
আটক চালক প্রাথমিক স্বীকারোক্তিতে জানিয়েছে, জব্দ করা গরুগুলো চোরাইপথে মিয়ানমার থেকে আনা হয়। আর গরুগুলো বিক্রির উদ্দ্যেশে ঈদগাঁও বাজারে নিয়ে যাওয়া হচ্ছিল।
ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) এ টি এম সিফাত মাজদার জানান, ঘটনায় সংশ্লিষ্ট আইনে ঈদগাঁও থানায় মামলা দায়ের করা হয়েছে।