প্রিন্ট এর তারিখঃ মে ২৩, ২০২৬, ৭:২০ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২৩, ২০২৬, ৩:৪৫ অপরাহ্ণ
ঈদগাঁওতে ভূমিসেবা মেলা হয়নি, সেবা বঞ্চিত লাখো মানুষের ক্ষোভ
ঈদগাঁও প্রতিনিধিঃ
দেশজুড়ে নানা আয়োজনে ‘ভূমিসেবা মেলা ২০২৬’ অনুষ্ঠিত হলেও এর সুফল থেকে বঞ্চিত হয়েছেন কক্সবাজারের ঈদগাঁও উপজেলার লাখো মানুষ।
দেশব্যাপী গত ১৯ মে থেকে ২১ মে পর্যন্ত তিন দিনব্যাপী এই মেলা চললেও ঈদগাঁওতে কোনো মেলার আয়োজন করা হয়নি। এতে স্থানীয় ভূমিসেবা প্রত্যাশীদের মাঝে তীব্র ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। সচেতন মহল এর জন্য উপজেলা প্রশাসনের উদাসীনতা ও অবহেলাকে দায়ী করছেন।
ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনায় সাধারণ মানুষকে দালাল চক্রের হয়রানি থেকে মুক্ত করতে এবং ডিজিটাল পদ্ধতিতে ঘরে বসে ভূমিসেবা প্রাপ্তি নিশ্চিত করতে এই মেলার উদ্যোগ নেওয়া হয়। মেলা থেকে সহজেই মানুষ তাদের কর পরিশোধ, খতিয়ান, নামজারি ও ভূমি সংক্রান্ত যাবতীয় সমস্যার সমাধান পাচ্ছিলেন। সরকারের এই যুগান্তকারী সিদ্ধান্ত যখন দেশজুড়ে প্রশংসিত হচ্ছে, ঠিক তখনই ঈদগাঁও উপজেলাবাসী সম্পূর্ণ উল্টো চিত্রের মুখোমুখি হয়েছেন। ২১ মে মেলার সমাপনী দিন পার হলেও ঈদগাঁওতে কোনো স্টল বা মেলার দেখা মেলেনি।
স্থানীয় সচেতন নাগরিক ও ভূ-সম্পত্তি মালিকরা হতাশা প্রকাশ করে জানান, ঈদগাঁও উপজেলার প্রশাসনিক অনুমোদনের প্রায় পাঁচ বছর অতিবাহিত হতে চললেও আজ পর্যন্ত এখানে একটি স্থায়ী উপজেলা ভূমি অফিস (এসি ল্যান্ড) প্রতিষ্ঠা করা হয়নি। ফলে এখনো উপজেলার মানুষকে প্রায় ৫০ কিলোমিটার দূরত্বের কক্সবাজার সদর উপজেলা ভূমি অফিসে গিয়ে যাবতীয় কাজ সম্পাদন করতে হয়। এতে সময় ও অর্থের অপচয়ের পাশাপাশি সাধারণ মানুষকে প্রতিনিয়ত চরম ভোগান্তি ও হয়রানির শিকার হতে হচ্ছে।
ভূক্তভোগীদের দাবি, উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা আন্তরিক হলে সাময়িকভাবে বিশেষ ব্যবস্থায় ক্ষুদ্র পরিসরে হলেও এই মেলার আয়োজন করতে পারতেন। কর্মকর্তাদের এমন দায়িত্বহীনতায় ক্ষোভ প্রকাশ করে তারা অবিলম্বে ঈদগাঁওতে স্থায়ী ভূমি অফিস স্থাপন এবং সার্বক্ষণিক সহকারী কমিশনার (ভূমি) পদায়নের জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মংচিংনু মারমা’র সরকারি মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
তবে কক্সবাজার সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এবং ঈদগাঁও উপজেলার (অতিরিক্ত দায়িত্বে) থাকা কর্মকর্তা শারমিন সোলতানা জানান, “যেহেতু ঈদগাঁও উপজেলার ভূমি সংক্রান্ত যাবতীয় কার্যক্রম এখনো কক্সবাজার সদর উপজেলা এসি ল্যান্ড অফিসের অধীনে পরিচালিত হচ্ছে, তাই কক্সবাজার সদরের ‘শহীদ দৌলত ময়দানে’ চলমান মেলায় ঈদগাঁও ইউনিয়ন ভূমি অফিসের একটি বিশেষ স্টল রাখা হয়েছে। ঈদগাঁও উপজেলার সেবা প্রার্থীরা চাইলে সেখানে গিয়ে মেলা চলাকালীন সেবা নিতে পারতেন।
তবে দূরত্বের কারণে সাধারণ মানুষের পক্ষে সদরে গিয়ে মেলার সুফল নেওয়া কতটা বাস্তবসম্মত ছিল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় ভুক্তভোগীরা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত