
রামু প্রতিনিধি
কক্সবাজারের ঈদগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত কভার ভ্যান চালক মনির হোসেন (৪৯) চট্টগ্রাম ম্যাডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা গেছেন।
নিহত মনির হোসেন কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার তুগুরিয়া এলাকার বজলুর রহমানের ছেলে। তিনি চার সন্তানের জনক বলে জানা গেছে।
রামু হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনায় জড়িত দুটি গাড়ি পুলিশের হেফাজতে রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১ মে) সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও উপজেলার সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সাতঘড়িয়া এলাকায় একটি যাত্রীবাহী বাস ও মালবাহী কাভার্ডভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হন।
সংঘর্ষের পর কাভার্ডভ্যানের চালক মনির হোসেন গুরুতর আহত অবস্থায় দীর্ঘ সময় গাড়ির ভেতরে আটকা পড়ে থাকেন। পরে এলাকাবাসী ও ফায়ার সার্ভিস কর্মীদের দীর্ঘ চেষ্টায় তাকে উদ্ধার করা হয়।
উদ্ধারের পর তাকে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে তার অবস্থার অবনতি ঘটে। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম ম্যাডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
