প্রিন্ট এর তারিখঃ মে ৬, ২০২৬, ৮:৪৮ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৮, ২০২৫, ৩:০৮ অপরাহ্ণ
ঈদগাঁওয়ের যুবকের রহস্যময় মৃত্যু: খালে ভেসে উঠল লাশ
আনাছুল হক,ঈদগাঁও:
কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডি ব্রিজ সংলগ্ন পল্লনখালী খালে ভেসে ওঠা অজ্ঞাত লাশের পরিচয় শনাক্ত করা গেছে। নিহত মোহাম্মদ কালু (৪২), তিনি ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড, নাপিতখালী ডুলা ফকির রাস্তার ইউসুফ আলীর পুত্র।
কালু শহরের একটি আবাসিক হোটেলে কর্মরত ছিলেন। নিহতের ভাই সাহাব উদ্দিন জানান, ভাইয়ের সঙ্গে কারো কোনো শত্রুতা ছিল না এবং মৃত্যুর কারণ এখনও অজানা। “গতকাল সকাল ১১টায় তার সঙ্গে শেষবার কথা হয়েছিল। তখনও তিনি স্বাভাবিক ছিলেন,” বলেন তিনি।
কালুর স্ত্রী শাহানা জানান, তার স্বামীর মরদেহ খাল থেকে উদ্ধার হওয়া পর্যন্ত কোনো ধারণা পাননি কীভাবে এমন হল। তিনি বলেন, “কালু শহরে চাকুরীর সুবাদে অবস্থান করছিলেন, কিন্তু কেন খালেই তার মরদেহ পাওয়া গেল, তা বোঝা যাচ্ছে না। হোটেল কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি জানা হয়নি।”
খুরুস্কুল ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মেম্বার জানে আলম জানান, বৃহস্পতিবার ভোরে পল্লনখালী খালে লাশটি ভেসে আসে। স্থানীয়রা বিষয়টি জাতীয় সেবা ৯৯৯ নম্বরে জানানোর পর পুলিশ এস আই সঞ্জীব কুমার পালের নেতৃত্বে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে নিয়ে আসে।
পুলিশ জানায়, মরদেহে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। “মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্ত প্রতিবেদন হাতে আসার পর নিশ্চিতভাবে বলা যাবে,” উল্লেখ করেন এস আই সঞ্জীব কুমার পাল।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত