ঈদে বাংলাদেশিদের শুভেচ্ছা জানাল আর্জেন্টিনা

চিটাগং ট্রিবিউন ডেস্ক
আগামীকাল ঈদুল আজহা। পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে বাংলাদেশের মানুষকে শুভেচ্ছা জানিয়েছে দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনা।
সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা আজ (বুধবার) একটি ভিডিও বার্তা দিয়েছে। যেখানে রদ্রিগো ডি পল, জুলিয়ান আলভারেজ, মেসি, এনজো ফার্নান্দেজ ও মার্তিনেজকে ‘ঈদ মোবারক’ বলতে শোনা গেছে।
কয়েক সেকেন্ডের ভিডিওটির ক্যাপশনে লেখা হয়েছে, ‘আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বাংলাদেশের সব মানুষকে ঈদ মোবারক। ঈদুল আজহা প্রত্যেক পরিবারে শান্তি, সুখ ও অফুরন্ত বরকত বয়ে আনুক।’
অবশ্য ভিডিওতে মেসি, এনজোদের এআই সংস্করণ দেখা গেছে। মানুষগুলো কৃত্রিম হলেও তাদের ঈদের শুভেচ্ছা বার্তা ছিল খাঁটি।
সবশেষ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর বাংলাদেশি ভক্ত-সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছিল দেশটির ফেডারেশনের পক্ষ থেকে। তারপর থেকেই বাংলাদেশের মানুষদের সঙ্গে অন্যরকম সম্পর্ক তৈরি হয়েছে আর্জেন্টাইন ফুটবলের।
তারই ধারাবাহিকতায় এবার ঈদুল আজহার আগের দিন বাংলাদেশিদের ঈদ শুভেচ্ছা জানাল আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল।