Sunday, June 21, 2026

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পারিবারিক কলহের জেরে স্বামীর ছুঁড়ে মারা পাটার আঘাতে স্ত্রী নিহত, ঘাতক আটক

ভ্রাম্যমান প্রতিনিধিঃ
কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ‘পারিবারিক কলহের জেরে’ শিল-পাটা দিয়ে স্বামীর আঘাতে স্ত্রী নিহত হয়েছে; এ ঘটনায় ঘাতক স্বামীকে আটক করেছে এপিবিএন পুলিশ।
শনিবার দুপুরে উখিয়া উপজেলার ১৮ নম্বর ময়নারঘোনা রোহিঙ্গা ক্যাম্পের এল-৩ ব্লকে এ ঘটনা ঘটে বলে জানান, ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের ( এপিবিএন ) ভারপ্রাপ্ত অধিনায়ক পুলিশ সুপার মো. রিয়াজ উদ্দিন আহমেদ।
নিহত মিনারা বেগম (২৯) একই এলাকার মো. আবু তাহেরের স্ত্রী।
স্থানীয়দের বরাতে রিয়াজ উদ্দিন আহমেদ বলেন, পারিবারিক নানা বিষয়ে স্বামী আবু তাহের ও স্ত্রী মিনারা বেগমের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শনিবার দুপুরেও পূর্ব বিরোধের জেরে তাদের মধ্যে তর্কাতর্কির ঘটনা ঘটে। এক পর্যায়ে আবু তাহের ঘরে থাকা শিল-পাটা দিয়ে মিনারার মাথা সহ শরীরের বিভিন্ন অংশে আঘাত করে।
এসময় শোর চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে এগিয়ে এলে মিনারাকে ঘরের মেঝেতে রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। পরে ঘটনাস্থলে উপস্থিত আবু তাহেরকে আটক করে পুলিশকে অবহিত করেছে।
“ খবর পেয়ে এপিবিএন পুলিশের একটি দল ঘটনাস্থল পৌঁছে মৃত অবস্থায় মিনারাকে উদ্ধার করে। তার মাথা সহ শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থল থেকে মারধরের কাজে ব্যবহৃত শিল-পাটা জব্দ করা হয়। এসময় ঘটনাস্থলে জনতার হাতে আটক স্বামীকে পুলিশ হেফাজতে নিয়েছে। “
ঘটনার ব্যাপারে আইনগত ব্যবস্থা নিতে আটক ব্যক্তিকে উখিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান, এপিবিএন পুলিশের এ কর্মকর্তা।
এব্যাপারে উখিয়ার থানার ওসি মো. মুজিবুর রহমান জানান, রোহিঙ্গা ক্যাম্প থেকে মৃত উদ্ধার নারীর লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

সর্বাধিক পঠিত