শুক্রবার, মে ১, ২০২৬

উখিয়ায় পিকআপের ধাক্কায় রোহিঙ্গা শিশু নিহত

নিজস্ব প্রতিবেদকঃ

কক্সবাজারের উখিয়ার ক্যাম্পে মিনি পিকআপের ধাক্কায় মোহাম্মদ
রিয়াজ (৪) নামের রোহিঙ্গা এক শিশু নিহত হয়েছে।

শুক্রবার দুপুরে উখিয়া উপজেলার ৩ নম্বর মধুরছড়া রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) মধুরছড়া ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মৃত্যুঞ্জয় দে সজল।

নিহত মোহাম্মদ রিয়াজ একই ক্যাম্পের রশিদ আলমের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে অতিরিক্ত পুলিশ সুপার মৃত্যুঞ্জয় দে সজল জানান, দুপুরে উখিয়ার ৩ নম্বর মধুরছড়া রোহিঙ্গা ক্যাম্পের পঁচা বাজার মোড় এলাকায় সড়কের পাশে মোহাম্মদ রিয়াজ সহ আরও কয়েক শিশু খেলাধুলা করছিল। এক পর্যায়ে নম্বর বিহীন একটি মিনি পিকআপ খড় বোঝাই করে সেখান দিয়ে যাচ্ছিল। এসময় মিনি পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে রোহিঙ্গা রিয়াজকে ধাক্কা দেয়। এতে সে গাড়ির পিছনের ডান পাশের চাকা তার কোমরে গুরুতর আঘাত পায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ক্যাম্প-৩ এর গনস্বাস্থ্য কেন্দ্র(জিকে) হাসপাতালে নিয়ে যায়।

এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রিয়াজকে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। পরে তাকে সেখানে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, এপিবিএন ঘটনাস্থল থেকে মিনি পিকআপ সহ গাড়ী চালককে আটক করে ক্যাম্প হেফাজতে নিয়ে আসেন। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

সর্বাধিক পঠিত