চিটাগং ট্রিবিউন ডেস্ক
ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বন্দি করার পর এবার মেক্সিকো, কলম্বিয়া এবং কিউবাকে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভেনিজুয়েলার মতো পরিস্থিতি হতে পারে বলেও তিন দেশকে সতর্কবার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। মাদক রুখতে প্রয়োজনে যা করতে হবে, তা তিনি করতে পিছপা হবেন না বলেও জানিয়েছে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। খবর সিএনএনের।
ভেনিজুয়েলায় আমেরিকার হামলা এবং প্রেসিডেন্ট মাদুরোকে গ্রেপ্তারের বিষয়ে সরব হয়েছে চীন, রাশিয়া এবং ইরান। ভেনিজুয়েলায় এই সামরিক অভিযান প্রসঙ্গে বেজিং জানিয়েছে, আন্তর্জাতিক আইনকে তোয়াক্কা না করে হামলা চালানো হয়েছে। শুধু তাই নয়, এই ধরনের ঘটনা ল্যাটিন আমেরিকা এবং ক্যারিবিয়ান অঞ্চলে একটা অস্থিরতার পরিবেশ সৃষ্টি করবে। চীনের পাশাপাশি, রাশিয়া এবং ইরানও আমেরিকার এই সামরিক অভিযানকে আইনবিরুদ্ধ বলেই উল্লেখ করেছে। মাদুরোকে গ্রেপ্তারের পর পরই ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, মাদক সন্ত্রাস নিয়ে ভেনিজুয়েলাকে বার বার সতর্ক করা হয়েছিল।
কিন্তু সেই সতর্কবার্তায় কোনো কাজ হয়নি। ফলে মাদক সন্ত্রাসকে রুখতে এই দেশের বিরুদ্ধে বড় কিছু করার প্রয়োজন ছিল। তার পরই মাদুরোর পরিস্থিতির কথা টেনে এই একই বিষয় নিয়ে আরও তিন দেশ- মেক্সিকো, কলম্বিয়া এবং কিউবাকে হুঁশিয়ারি দিয়ে রাখলেন ট্রাম্প। তিনি বলেন, মাদক সন্ত্রাসকে রুখতে যদি ওই অঞ্চলে আমেরিকাকে পা রাখতে হয়, প্রয়োজনে সেটাও করতে প্রস্তুত। আর এর জন্য কারও চোখরাঙানিও মেনে নেব না। প্রসঙ্গত, ট্রাম্প জমানায় মেক্সিকোর সঙ্গে আমেরিকার সংঘাত চরমে পৌঁছেছে। বিশেষ করে শরণার্থী অনুপ্রবেশের বিষয়কে কেন্দ্র করে।