প্রিন্ট এর তারিখঃ মে ১৬, ২০২৬, ৭:৫১ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১৬, ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ণ
ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস আজ
চিটাগং ট্রিবিউন ডেস্ক
ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস আজ শনিবার (১৬ মে)। ভারতের ফারাক্কা ব্যারাজ কীভাবে বাংলাদেশের জন্য মরণফাঁদ হয়ে উঠেছে, তা বিশ্ববাসীর নজরে আনতে ১৯৭৬ সালের ১৬ মে এক লংমার্চ শুরু করেছিলেন মাওলানা আবদুল হামিদ খান ভাসানী। লাখো মানুষের অংশগ্রহণে সেই কর্মসূচি শুরু হয়েছিল রাজশাহী থেকে, পরদিন চাঁপাইনবাবগঞ্জের কানসাটে গিয়ে হয়েছিল শেষ।
মজলুম জননেতা ভাসানী বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের নানা কাল পর্বে গুরুত্বপূর্ণ হয়ে আছেন। তবে তাঁর ফারাক্কা লংমার্চকে স্মরণ করা হয় বিশেষভাবে। ১৬ মে ফারাক্কা লংমার্চ দিবস পালন করে অনেক সংগঠন। নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে এমন সোচ্চার জনমত ফারাক্কা লংমার্চের আগে-পরে কখনো দেখা যায়নি।
সে সময় চুক্তি অনুযায়ী পানির ন্যায্য হিস্যার দাবি পূরণ না হওয়ায় মরুকরণের দিকে যাচ্ছিল বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চল। ১৯৯৬ সালে ফারাক্কার পানি ভাগাভাগির বিষয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে নতুন করে ৩০ বছর মেয়াদি চুক্তি হলেও বাংলাদেশ পানি পায়নি।
১৯৭৫ সালে বাংলাদেশের সীমান্ত থেকে মাত্র ১৮ কিলোমিটার দূরে ভারতের মনোহরপুরে ভারত ফারাক্কা বাঁধ নির্মাণ করে। বাঁধ দিয়ে গঙ্গার পানি অন্যত্র সরিয়ে দেওয়ায় পদ্মায় পানি প্রবাহ হারিয়ে ফেলে। ফারাক্কা বাঁধের কারণে সারাবছরই পদ্মানদী থাকে নাব্য সংকটে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত