প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৮, ২০২৬, ৯:২৪ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৫, ২০২৬, ৫:০০ অপরাহ্ণ
কক্সবাজারেই বানানো হচ্ছে নকল বিদেশি মদ; কারখানার সন্ধান পেয়েছে পুলিশ
বিশেষ প্রতিবেদক
কক্সবাজার শহরে বিদেশি মদ তৈরির কারখানার সন্ধান পেয়ছে পুলিশ। রোববার (৫ এপ্রিল) ভোর টায় পশ্চিম নতুন বাহারছড়ায় বিশেষ অভিযান চালিয়ে এই কারখানার উদঘাটন করে সদর মডেল থানা পুলিশ। এসময় বিপুল সরঞ্জামসহ মোহন সেন নামের একজনকে আটক করা হয়।
আটক মোহন সেন চট্টগ্রামের চন্দনাইশের বরমা ইউনিয়নের সুচিয়া শ্মশান খালিবাড়ির কার্তিক সেনের ছেলে।
অভিযানে নেতৃত্বদানকারী পুলিশের এস আই নুর মোহাম্মদ জানান, রোববার ভোরে পশ্চিম নতুন বাহারছড়া স্ক্র্যাপ গলির জনৈক হাকিম মিয়ার মালিকানাধীন ভবনের ২য় তলায় মোহন সেনের ভাড়া ফ্ল্যাটে অভিযান চালানো হয়। এসময় ১১০ বোতল নকল বিদেশী মদ, ৭৬টি বিদেশী মদের খালি বোতল, ক্যাপ সিলিং মেশিন ১ টি, সীলার মেশিন-১টি, হিট গান ১টি, ৫ টি সাদা জেরি ক্যানে ১৬.৫ লিটার ক্যামিকেল জাতীয় পদার্থ, বিদেশী মদের বোতলের কর্ক-৭২৫ টি, নকল বিদেশী মদের স্টীকার-৭৮০ টি, বারকোড স্টীকার-৮ ফর্দ, কর্ক সিকিউরিটি সীল পেপার-৫৫০টি ও নগদ ২৮ হাজার টাকা উদ্ধার করা হয়।
এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ওসি মোঃ ছমিউদ্দিন বলেন, আটক মোহন সেনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে। মাদকবিরোধী এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান অফিসার ইনচার্জ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত