প্রিন্ট এর তারিখঃ মে ১১, ২০২৬, ১০:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১২, ২০২৬, ১:৪৫ পূর্বাহ্ণ
কক্সবাজারে ইয়াবাপাচার মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন
নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজারের টেকনাফে ৮৪ হাজার পিস ইয়াবা বহন ও পাচারের ঘটনায় দায়ের করা মামলায় মো. আমিন নামের পঞ্চাশোর্ধ এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
রোববার (১১ মে ২০২৬) দুপুরে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আবদু রহিম এ রায় ঘোষণা করেন। আদালত পৃথকভাবে সাজা পরোয়ানা ইস্যুরও আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত মো. আমিন টেকনাফ উপজেলার দক্ষিণ কচুবনিয়া এলাকার মৃত কাশেম আলীর ছেলে।
আদালত সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১০(গ) অনুযায়ী দায়ের হওয়া মামলায় আসামির বিরুদ্ধে ৮৪ হাজার পিস ইয়াবা বহন ও পাচারের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাকে দোষী সাব্যস্ত করেন। পরে আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত করেন।
২০২১ সালের ৯ সেপ্টেম্বর টেকনাফ থানায় মামলাটি রুজু করা হয়। যার মামলা নম্বর ৫৩।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) মো. সিরাজুল ইসলাম জানান, মামলার সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত এ রায় প্রদান করেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত