প্রিন্ট এর তারিখঃ মে ১, ২০২৬, ৯:৫৮ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১, ২০২৬, ১:২৩ অপরাহ্ণ
কক্সবাজারে এসএসসি পরীক্ষার ভূঁয়া প্রশ্নপত্র ফাঁস করে অর্থ আত্মসাতকারি প্রতারক চক্রের সদস্য আটক
নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজারে এসএসসি পরীক্ষার ভূঁয়া প্রশ্নপত্র ফাঁস করে অর্থ আত্মসাতকারি প্রতারক চক্রের এক সদস্যকে আটক করেছে র্যাব।
শুক্রবার সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান, র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের সহকারি পরিচালক ( আইন ও গণমাধ্যম ) ও সহকারি পুলিশ সুপার আ. ম. ফারুক।
আটক সালাহউদ্দিন আহমেদ (১৭) কক্সবাজার শহরের সিটি কলেজ রোড এলাকার রফিকুল ইসলামের ছেলে।
আ. ম. ফারুক বলেন, চলমান এসএসসি পরীক্ষাকে কেন্দ্র করে সংঘবদ্ধ একটি চক্র ভূঁয়া প্রশ্নপত্র তৈরী করে পরীক্ষার্থীদের প্রলোভনের ফাঁদে ফেলে বিপুল পরিমান অর্থ আত্মসাতের সাথে জড়িত থাকার তথ্য পায় র্যাব। এই তথ্যের ভিত্তিতে র্যাব চক্রটিকে শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি শুরু করে। বৃহস্পতিবার সন্ধ্যায় চক্রটির এক সদস্য কক্সবাজার মেরিন ড্রাইভের দরিয়ানগর প্রকৃতি ও পর্যটন কেন্দ্রের সামনে অবস্থান করে ডিজিটাল মাধ্যমে এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ছড়িয়ে সাধারণ পরীক্ষার্থী ও অভিভাবকদের নিকট থেকে বিপুল পরিমাণ টাকা আদায় করা খবর পায় র্যাব। এতে ঘটনাস্থলে পৌঁছলে র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্দেহজনক এক কিশোর কৌশলে পালানোর চেষ্টা চালায়। এসময় ধাওয়া দিয়ে তাকে আটক করতে সক্ষম হয়।
“ প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক কিশোর স্বীকারোক্তিতে জানায়, সে পরিকল্পিতভাবে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে পরীক্ষার্থীদের নম্বর সংগ্রহ করে তাদের সাথে যোগাযোগ স্থাপন করে। নিজেকে প্রশ্নপত্র সরবরাহকারী দাবি করে সে ভুয়া প্রশ্নপত্র তৈরি এবং পরীক্ষার আগের রাতে সেগুলো দেওয়ার নাম করে মোটা অংকের টাকা দাবি করত। টাকা সংগ্রহের জন্য সে সুনির্দিষ্ট বিকাশ ও নগদ নম্বর ব্যবহার করত। পরে অর্থ প্রাপ্তির পরপরই পরীক্ষার্থীদের ব্লক করে দিয়ে ডিজিটাল প্রতারণা সম্পন্ন করে আসছিল। “
আটক কিশোরের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নিতে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান, র্যাবের এ গণমাধ্যম কর্মকর্তা।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত