প্রিন্ট এর তারিখঃ মে ১৭, ২০২৬, ৩:২৯ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১৭, ২০২৬, ৭:১৯ অপরাহ্ণ
কক্সবাজারে বিয়ে বা দ্বিতীয় ‘ইন্টার্নশিপ’—কোনোটাই হলো না কারিনার
চিটাগং ট্রিবিউন ডেস্ক:
পর্দায় ও পর্দার বাইরে ছিলেন হাসিখুশি, চঞ্চল এক তরুণী। কনটেন্ট বানিয়েছেন, চিত্রনাট্য লিখেছেন, অভিনয়ও করেছেন। লিভার-সংক্রান্ত জটিলতায় সেই কারিনা কায়সার (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)—এটা এখনো তাঁর অনেক ভক্ত-সহকর্মী বিশ্বাসই করতে পারছেন না। তাঁর সাক্ষাৎকারগুলো দেখলে বোঝা যায়, জীবন উপভোগই ছিল তাঁর মূলমন্ত্র। গত বছর মাছরাঙা টেলিভিশনের ‘বিনোদন সারাদিন’ অনুষ্ঠানে এসে কাজ ও ব্যক্তিগত প্রসঙ্গে অনেক কথাই বলেছিলেন কারিনা।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণবন্ত উপস্থাপনা ও জীবনঘনিষ্ঠ কনটেন্ট তরুণ দর্শকদের কাছে কারিনাকে জনপ্রিয় করে তোলে। পরে ওটিটি ও নাটকের জগতেও ধীরে ধীরে নিজের জায়গা তৈরি করেন তিনি। অভিনয়ের পাশাপাশি চিত্রনাট্যকার হিসেবেও কাজ করেছেন। তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘ইন্টার্নশিপ’ ও ‘৩৬-২৪-৩৬’। এর মধ্যে ‘৩৬-২৪-৩৬’ সিনেমায় নিজে অভিনয়ও করেছিলেন।
অভিনয় প্রসঙ্গে ‘বিনোদন সারাদিন’ অনুষ্ঠানে কারিনা বলেছিলেন, ‘চিত্রনায়িকা বা অভিনেত্রী হয়েছি, সে জন্য আমি কৃতজ্ঞ। তবে একটা কাজ করে আসলে কিছু হয় না, যদি এমন আরও কাজ করি, তবেই নিজেকে অভিনেত্রী বলতে পারব।’ অভিনয় নিয়ে মজার অভিজ্ঞতাও জানান তিনি। বলেন, ‘আগে যাদের নিয়ে মজা করতাম, তারাই এখন ফোন করে বলে, “কী নায়িকা।”’
অভিনয়ের আগে কারিনা পরিচিতি পান চিত্রনাট্যকার হিসেবে। নিজের লেখার দর্শন নিয়ে তিনি বলেন, ‘সিরিজ আর সিনেমার চিত্রনাট্য লেখার প্রক্রিয়া আসলে অত বিশেষ কিছু না, মজাটা যেন থাকে, সেটা মাথায় ছিল।’
একই সাক্ষাৎকারে ‘ইন্টার্নশিপ’-এর দ্বিতীয় মৌসুমও নিয়ে আসার পরিকল্পনার কথা বলেছিলেন কারিনা।
অনুষ্ঠানে কারিনার কাছে জানতে চাওয়া হয় ফেসবুকের ইনবক্সে বিয়ে প্রস্তাব পান কি না। উত্তরে তিনি বলেন, ‘কেউ পাঠালে আমার পেজ থেকে অটো রিপ্লাই চলে যায়। অনেকে সেটা যে অটো রিপ্লাই, বোঝে না। অনেকে আবার বায়োডেটা পাঠায়, তারাও অটো রিপ্লাইয়ে মেসেজ পেয়ে দুঃখ পেয়ে বার্তা পাঠায়। তবে আমার ভালো লাগে সবাই খুব সম্মান দিয়ে মেসেজ দেয়। তবে এগুলো মজা, সিরিয়াস কিছু না। কারণ, এসব মেসেজ তারা অনেকেই পাঠায়।’
কনটেন্ট ক্রিয়েটর হওয়া নিয়ে কারিনা বলেছিলেন, তিনি আসলে পরিকল্পনা ছাড়াই হুট করে শুরু করেছিলেন। প্রথম দুটি ভিডিও অনেক হিট হওয়ার পর থেকেই নিয়মিত বানাতে শুরু করেন।
একই অনুষ্ঠানে নিজের বিয়ের পরিকল্পনার কথাও বলেছিলেন কারিনা। নিজের বিয়ের পরিকল্পনা নিয়ে তিনি বলেন, ‘আমার একটাই প্ল্যান আমি কক্সবাজারে বিয়ে করতে চাই। আমি থাইল্যান্ড যেতে চাই না, আমি মালেয়শিয়া যেতে চাই না, আমি কক্সবাজারেই বিয়ে করতে চাই।’
কক্সবাজারে বিয়ে বা ‘ইন্টার্নশিপ’-এর দ্বিতীয় মৌসুম তৈরি—কোনোটাই হলো না কারিনার।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত