কক্সবাজারে হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজারে উপসর্গ নিয়ে গত ২৪ ঘন্টায় আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ২৯ মার্চ থেকে এই পর্যন্ত ১ মাস ৬ দিনে জেলায় এক রোহিঙ্গা সহ মোট ১৩ শিশুর মৃত্যু হয়েছে।
একই সঙ্গে বর্তমানে কক্সবাজারের ৭ টি হাসপাতালে ১৪৭ জন হামের উপসর্গ নিয়ে ভর্তি থাকার তথ্য জানিয়েছে কক্সবাজার সিভিল সার্জন কার্যালয়।
সোমবার দুপুরে কক্সবাজার জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে পাওয়া তথ্য মতে, নতুন করে মৃত্যু হওয়া ২ শিশুই রামু উপজেলার। তারা ২ জনই কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।এর মধ্যে মিজানুর রহমানের ৮ মাস বয়সী ছেলে আতিকুর রহমানকে রবিবার দিনপূর্ব রাত ১ টায় হাসপাতালে আনা হয়। রবিবার সকাল ৮ টার দিকে শিশুটি মারা যায়। অপর শিশু জাবেদের ৬ মাস বয়সী কন্যা ওয়াজিফাকে গত ২৪ এপ্রিল বিকালে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। রবিবার রাত ৯ টার দিকে ওয়াজিফা মারা যায়।
এনিয়ে ২৯ মার্চ থেকে এই পর্যন্ত ১ মাস ৬ দিনে কক্সবাজার জেলায় এক রোহিঙ্গা সহ মোট ১৩ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে রামু উপজেলায় ৬ জন, কক্সবাজার সদর উপজেলা ২ জন, কক্সবাজার পৌরসভা, মহেশখালী, কুতুবদিয়া ও উখিয়ায় ১ জন করে ৪ জনের মৃত্যু হয়। এছাড়া উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের ১ শিশুরও মৃ্ত্যু হয়েছে।
সিভিল সার্জন কার্যালয়ের দেয়া তথ্য মতে, গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৫২ জন এবং ছাড়পত্র নিয়েছে ৩৭ জন। জেলার ৭ হাসপাতাল ভর্তি রয়েছে ১৪৭ জন শিশু।
এদের মধ্যে কক্সবাজার সদর হাসপাতালে ৭৯ জন, চকরিয়ায় ১৭ জন, পেকুয়ায় ৫ জন, উখিয়ায় ১৫ জন, টেকনাফে ৮ জন, রামুতে ৭ জন ও মহেশখালীতে ১৬ জন ভর্তি রয়েছে।
গত ২৯ মার্চ থেকে এ পর্যন্ত জেলায় উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ১৩৯৯ জন।