ক্ষমা চেয়ে হাসিনা সরকারের ভিডিও বার্তা

চিটাগং ট্রিবিউন ডেস্ক
বাউল শিল্পীদের নিয়ে দেওয়া বিতর্কিত মন্তব্য করার জন্য এবার সামাজিক যোগযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন বাউল শিল্পী হাসিনা সরকার। সামাজিক যোগাযোগমাধ্যমে তার সেই বক্তব্য ভাইরাল হওয়ার পর ভিডিও বার্তায় তিনি নিজের অবস্থান ব্যাখ্যা করেন।
এর আগে, হাসিনা সরকার অভিযোগ করেছিলেন, নারী বাউল শিল্পীরা কুপ্রস্তাব পান এবং ‘বেডে’ না গেলে অনেক সময় অনুষ্ঠান পাওয়া যায় না। এসময় তিনি অভিযোগে কারও নাম উল্লেখ করেননি। তবে তার বক্তব্য ছড়িয়ে পড়তেই সেটি নিয়ে বাউল অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। বিভিন্ন ধরনের মন্তব্য আসতে থাকে। এবার বিষয়টি স্পষ্ট করে নিজের অবস্থান জানিয়েছেন এ গায়িকা।
সকল বাউল শিল্পীর কাছে আমি ক্ষমা চাইছি মন্তব্য করে হাসিনা সরকার বলেন, ‘সবাই যেন আমাকে আগের মতো আগলে রাখেন, সেই প্রত্যাশা করছি।’ ভিডিও বার্তায় হাসিনা সরকার বলেন, তার বক্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি আন্তরিকভাবে দুঃখিত। তিনি জানান, মিরপুরে কিছু লোক এসে তার একটি অফিস বন্ধ করে দেয়।
এমনকি ‘হাসিনা সরকার’ নাম হওয়ায় বিভিন্ন মঞ্চ থেকে তাকে নামিয়ে দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।
এ বাউল শিল্পী বলেন, অনেক জায়গায় বলা হয়েছে, হাসিনা সরকার নামে কোনো শিল্পী গান গাইতে পারবে না। শিল্পীদের ক্লাব থেকে গানের প্রস্তাব দেওয়া হলেও সেটি অন্য শিল্পীদের দেওয়া হয়েছে। এ জন্য কষ্ট পেয়েছিলাম।
এসময় ক্ষোভ ও হতাশা থেকেই তিনি আগের মন্তব্য করেছিলেন বলে উল্লেখ করেন। তিনি বলেন, ‘রাগের মাথায় বলেছিলাম, যার সঙ্গে যার লিংক থাকে, তাদের অনুষ্ঠান দেওয়া হয়। আমার সঙ্গে কারও সম্পর্ক না থাকায় আমাকে ডাকা হয় না। এটা বলা আমার ভুল হয়েছে।’
এ বাউল শিল্পী জানান, কিছু অদক্ষ শিল্পী অনুষ্ঠান পেলেও অবহেলার শিকার হচ্ছেন প্রকৃত বাউলরা। তবে তার মন্তব্যে বাউল অঙ্গনের কেউ আঘাত পেলে সবার কাছে ক্ষমা প্রার্থনা করেছেন তিনি।