খাগড়াছড়িতে পুলিশের অভিযানে ছিনতাইকারী গ্রেফতার
এম মহাসিন মিয়া (খাগড়াছড়ি) প্রতিনিধি।
খাগড়াছড়িতে পুলিশের বিশেষ অভিযানে ছিনতাইকৃত ৪টি মোবাইল ফোন সহ এক ছিনতাইকারীকে আটক করেছে খাগড়াছড়ি সদর থানা পুলিশ।
শনিবার গভীর রাতে সদর থানা পুলিশের বিশেষ টিমের অভিযানে শহরের গঞ্জপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতের নাম মো. মীর হোসেন (২৮)।
পুলিশ জানায়, ১৪ নভেম্বর রাতে এক বিকাশ ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে ও মারধর করে টাকা, মোবাইল ও ট্যাব ছিনতাইয়ের ঘটনায় ১৭ নভেম্বর মামলা রুজু হয়। ঐ ঘটনার সাথে জড়িত থাকা অন্য আসামির স্বীকারোক্তিমূলে অভিযুক্ত মো. মীর হোসেনকে কে শনিবার গভীর রাতে অভিযান চালিয়ে খাগড়াছড়ি শহরের গঞ্জপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। এ সময় আসামির কাছ থেকে ৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামি জেলার মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি ইউপির গৌরাঙ্গ পাড়ার আব্দুল মান্নানের ছেলে।খাগড়াছড়ি পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল জানান, দ্রুত আসামিকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হবে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ প্রক্রিয়াধীন এবং ঘটনার সাথে জড়িত অপর আসামিদেরকে গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতে অনুরূপ যে কোনো অপরাধের ক্ষেত্রে খাগড়াছড়ি জেলা পুলিশ যথাযথ আইনের প্রয়োগ ঘটিয়ে জেলার আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সদা প্রস্তুত।