প্রিন্ট এর তারিখঃ মে ২৭, ২০২৬, ৯:১৭ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২৫, ২০২৬, ৫:৫২ অপরাহ্ণ
খুন-ধর্ষণের বিচারের দাবিতে লামায় ছাত্র ফেডারেশনের বিক্ষোভ
লামা ( বান্দরবান ) প্রতিনিধিঃ
পাহাড় থেকে সমতল পর্যন্ত তনু, রামিসা, আছিয়া ও চিংমা খিয়াংসহ সকল গুম, খুন, ধর্ষণ ও বলাৎকারের ঘটনার বিচার দাবিতে বান্দরবানের লামায় বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন।
সোমবার (২৫ মে) সকাল সাড়ে ১১টায় লামা উপজেলা পরিষদের সামনের সড়কে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, স্থানীয় নেতাকর্মী ও সচেতন নাগরিকরা অংশ নেন।
বাংলাদেশ ছাত্র ফেডারেশন লামা উপজেলা শাখার সহ-সভাপতি জয় ত্রিপুরার সভাপতিত্বে এবং সহ-সাধারণ সম্পাদক জৈবা ত্রিপুরার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বান্দরবান জেলা শাখার সংগঠক জাহেদুল ইসলাম এবং গণসংহতি আন্দোলন লামা উপজেলা শাখার সমন্বয়কারী ফরিদ উদ্দিন।
বক্তারা বলেন, তনু থেকে শুরু করে রামিসা, আছিয়া কিংবা পাহাড়ি জনপদের চিংমা খিয়াং - কারও হত্যাকাণ্ডেরই আজ পর্যন্ত সুষ্ঠু বিচার নিশ্চিত হয়নি। পাহাড় কিংবা সমতল, কোথাও নারী ও শিশুরা নিরাপদ নয়। গুম, খুন, ধর্ষণ ও বলাৎকারের মতো জঘন্য অপরাধের ঘটনায় বিচারহীনতার সংস্কৃতি অপরাধীদের আরও বেপরোয়া করে তুলছে।
তারা আরও বলেন, অপরাধীদের রাজনৈতিক বা প্রভাবশালী পরিচয়ের আড়ালে রক্ষা না করে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে দেশব্যাপী আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।
সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং দ্রুত বিচার নিশ্চিতের দাবিতে সংহতি প্রকাশ করেন।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত