তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করেছে অভিনেতা থালাপতি বিজয়ের দল ‘তামিলাগা ভেত্রি কাজাগাম’ (টিভিকে)। তবে আজ বৃহস্পতিবার (০৭ মে) মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর শপথ গ্রহণ হচ্ছে না। সরকার গঠনের প্রয়োজনীয় সমর্থন বা ম্যাজিক ফিগার নিয়ে রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকর এখনো নিশ্চিত হতে না পারায় এই বিলম্ব ঘটছে বলে জানা গেছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, বিধানসভা নির্বাচনে বিজয়ের দল ১০৮টি আসনে জয়লাভ করেছে। ১১৮ আসনের সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য তাঁদের আরও ১০টি আসনের প্রয়োজন। কংগ্রেসের ৫ জন বিধায়ক ইতিমধ্যে টিভিকে-কে সমর্থনের ঘোষণা দিলেও সরকার গঠনে এখনো অন্তত ৬টি আসনের ঘাটতি রয়েছে।
রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ ইতিমধ্যে বর্তমান বিধানসভা ভেঙে দিয়েছেন। গতকাল বুধবার বিজয়ের সঙ্গে বৈঠকের পর তিনি কেরালা সফরে রওনা হন। সংশ্লিষ্ট সূত্র জানায়, বিজয়ের দল প্রয়োজনীয় সমর্থনের দাবি জানালেও রাজ্যপাল তা যাচাই-বাছাইয়ের জন্য আরও সময় নিতে চাইছেন। এরই মধ্যে টিভিকে সাধারণ সম্পাদক আধভ অর্জুন আইনি দল নিয়ে রাজ্যপালের সঙ্গে পুনরায় সাক্ষাতের প্রস্তুতি নিচ্ছেন।
এদিকে, নির্বাচনের ফলাফল অনুযায়ী রাজ্যে দীর্ঘদিনের দ্বিমেরু রাজনীতিতে বড় ধরনের ধস নেমেছে। ডিএমকে ৫৯টি এবং এআইএডিএমকে ৪৭টি আসন পেয়েছে। কোলাথুর আসনে পরাজিত হয়ে ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন এম কে স্টালিন।