প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৩০, ২০২৬, ৭:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৯, ২০২৬, ৬:২১ অপরাহ্ণ
গুইমারার কুকিছড়ায় সেনাবাহিনীর অভিযান: দেশীয় অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
এম মহাসিন মিয়া, খাগড়াছড়ি
খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারা উপজেলার সিন্দুকছড়ি জোনের আওতাধীন কুকিছড়াপাড়া এলাকায় ভোররাতে পরিচালিত এক ঝটিকা অভিযানে দেশীয় অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায় যে, ইউপিডিএফ (মূল) সংগঠনের ১০-১৫ জনের একটি সশস্ত্র দল কুকিছড়াপাড়ার একটি বাড়িতে অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে বুধবার (৮ এপ্রিল ২০২৬) ভোর ৫টা ৩০ মিনিটে সিন্দুকছড়ি, মহালছড়ি ও মাটিরাঙা জোনের সমন্বয়ে গঠিত সেনাবাহিনীর একটি বিশেষ দল ওই এলাকায় ‘কর্ডন অ্যান্ড সার্চ’ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে সেনাসদস্যরা ইউপিডিএফের পোস্ট পরিচালক তনিমং মারমার বাসভবন ঘেরাও করলে সেখানে অবস্থানরত দুইজন সশস্ত্র সদস্য দ্রুত পাশের একটি ছড়ায় ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। অন্ধকার ও দুর্গম পাহাড়ি ভূপ্রকৃতির সুযোগ নিয়ে তারা জঙ্গলের ভেতর আত্মগোপন করতে সক্ষম হয়। সেনাবাহিনী তাদের পিছু ধাওয়া করলেও শেষ পর্যন্ত আটক করা সম্ভব হয়নি।
পরবর্তীতে উক্ত বাসভবনে তল্লাশি চালিয়ে সেনাবাহিনী একটি দেশীয় পিস্তল, একটি দেশীয় পাইপ গান, ছয় রাউন্ড পিস্তলের গুলি এবং দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করে।
উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। পাহাড়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সশস্ত্র সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত