প্রিন্ট এর তারিখঃ মে ২৬, ২০২৬, ৩:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২৬, ২০২৬, ৮:০৪ অপরাহ্ণ
ঘরের ওপর গাছ পড়ে গৃহবধূর মৃত্যু
চিটাগং ট্রিবিউন ডেস্ক
পিরোজপুরের নেছারাবাদে ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতের নাম রুমানা ইয়াসমিন (৪০)। তিনি ওই গ্রামের নজরুল ইসলামের স্ত্রী।
মঙ্গলবার (২৬ মে) বিকেলে উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেসন্ডা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কালবৈশাখী চলাকালীন রুমানা ইয়াসমিন রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এসময় হঠাৎ পাশের একটি বড় গাছ উপড়ে ঘরের ওপর পড়ে। পরিস্থিতি বুঝে স্বামী-স্ত্রী দ্রুত ঘরের ভেতরে আশ্রয় নিতে গেলে দুর্ভাগ্যবশত গাছটি রুমানা ইয়াসমিনের ওপর পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান আসাদ বলেন, হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মারা গেছেন। রোগীর বিভিন্ন জায়গায় গুরুতর আঘাত ছিল। হঠাৎ ঝড়ে এমন দুর্ঘটনায় একজন প্রাণ হারানো অত্যন্ত হৃদয়বিদারক।
এ বিষয়ে নেছারাবাদ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, বিষয়টি শুনেছি, তবে এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে দেখব।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত