প্রিন্ট এর তারিখঃ মে ২৩, ২০২৬, ৭:১৯ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২৩, ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ণ
চকরিয়ায় ছেলের হাতে প্রতিবন্ধি বাবা খুন
চকরিয়া প্রতিনিধিঃ
কক্সবাজারের চকরিয়ায় মাদকাসক্ত ছেলের ধারালো অস্ত্রের আঘাতে প্রতিবন্ধি বাবা নিহত হয়েছে। এ ঘটনায় ঘাতক ছেলেকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।
শুক্রবার দুপুর আড়াইটার দিকে চকরিয়া পৌরসভার মৌলভীরকুম স্টেশনের অদূরে এ ঘটনা ঘটেছে।
নিহতের খলিলুর রহমান (৫৫) একই এলাকার আব্দুস সামাদের ছেলে।
ঘটনায় পুলিশ হেফাজতে রয়েছে ঘাতক ছেলে মোহাম্মদ মিনার (২২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধ ও মাদকের টাকার জন্য খলিলুর রহমানকে ছেলে মোহাম্মদ মিনার প্রায় সময় পীড়াপীড়ি করত। শুক্রবার দুপুরেও টাকা চেয়ে না পেলে বাবার উপর ক্ষিপ্ত হয়ে উঠে। এক পর্যায়ে ধারালো দা দিয়ে শরীরে বিভিন্ন স্থানে এলোপাতাড়ী আঘাত করেন। এতে খলিলুরের একটি হাত প্রায় বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এদিকে বাবাকে হত্যা করে দৌঁড়ে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী ঘাতক মোহাম্মদ মিনারকে ধরে ফেলে। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে এলে তাকে হস্তান্তর করা হয়েছে।
স্থানীয় লোকজন বলেছেন, খলিলুর রহমান এক পা হারিয়ে প্রতিবন্ধি ছিলেন। মিনার বখাটের সঙ্গে মিলে মাদক সেবন করতেন। মাদকের সঙ্গে জড়িয়ে পড়ার পর মিনারের সঙ্গে খলিলুর রহমানের প্রায়ই কথা কাটাকাটি ও ঝগড়া লেগে থাকতো। শুক্রবার জুমার নামাজের পর কথা কাটাকাটি হয়। এর জের ধরে ধারালো দা দিয়ে আঘাত করে। এতে শরীর থেকে হাত বিচ্ছিন্ন হয়ে যায়। ঘটনার পর খলিলুরের নিথর দেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, ‘স্থানীয় লোকজনের সহায়তায় মিনারকে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত