প্রিন্ট এর তারিখঃ মে ১৮, ২০২৬, ৪:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১৮, ২০২৬, ৯:১৪ অপরাহ্ণ
চকরিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই বাল্যবন্ধু নিহত
কক্সবাজার প্রতিনিধি,
কক্সবাজারের চকরিয়ায় একই দিনে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হয়েছেন।
এর মধ্যে চকরিয়ার কেবি জালালউদ্দিন সড়কের রামপুর মোড়ে প্রাডো জিপগাড়ী নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেছে চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী শওকত হোসেন রিয়াজের।
অন্যদিকে, চকরিয়া ও লোহাগাড়ার সীমান্ত এলাকায় যাত্রীবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন মোস্তাকিম কামাল তামিম নামে এক মাদ্রাসা শিক্ষার্থী।
সংশ্লিষ্টদের সূত্রে জানা গেছে, পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত দুইজনই বাল্যবন্ধু। কাকতালীয়ভাবে দুই বন্ধুর একই দিনে আকস্মিক মৃত্যুর এলাকায় এবং তাদের বন্ধুদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।
নিহত শওকত হোসেন রিয়াজ চকরিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নুরুল আমিনের বড় ছেলে। সে চট্টগ্রাম কলেজে রাষ্ট্র বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষে অধ্যায়নরত আছেন।
নিহত অপর বন্ধু মোস্তাকিম কামাল তামিম চকরিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের হালাকাকারা এলাকার বাসিন্দা ও চকরিয়া পৌরসভার অফিস সহকারি রাশেদ কামালের ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসার ফাজিল দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
সোমবার সন্ধ্যায় চকরিয়া থানার ওসি মো. মনির হোসেন পৃথক সড়ক দুর্ঘটনার এসব তথ্য নিশ্চিত করেছেন।
নিহতদের স্বজনরা জানায়, রোববার (১৭ মে) রাত ১০টার দিকে মোস্তাকিম কামাল তামিম অটোরিকশা যোগে নিজের মাদ্রাসার উদ্দেশ্যে রওনা দেন। এসময় বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে সোমবার সকালে শওকত হোসেন রিয়াজ চকরিয়া পৌর এলাকায় আসার সময় কেবি জালালউদ্দিন সড়কের রামপুর মোড়ে পৌঁছলে প্রাডো জিপগাড়ী নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে তিনি সহ ৩ জন গুরুতর আহত হন। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শওকত হোসেন রিয়াজ’কে মৃত ঘোষণা করে।
ওসি মনির হোসেন জানান, পৃথক সড়ক দুর্ঘটনায় নিহতের স্বজনদের কারও বিরুদ্ধে কোন ধরণের অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত