
চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকায় কিশোর গ্যাংয়ের হাতে কলেজছাত্র ওয়াহিদুল হক সাব্বির হত্যা মামলার এজাহারনামীয় আসামি ইরফাত আলী রাফসানকে (২০) গ্রেপ্তার করেছে র্যাব-৭। আজ রবিবার র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শনিবার রাতে চট্টগ্রাম নগরীর আকরশাহ থানার কৈবাল্যধাম রেলবিট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সে ওয়াহিদুল হত্যা মামলার এজাহারনামীয় আসামি।
গতবছরের ১৬ মে চট্টগ্রাম নগরীর নয়াবাজার এলাকায় দুই কিশোর গ্যাংয়ের দ্বন্দ্বে ওয়াহিদুলের ওপর হামলার ঘটনা ঘটে। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৪ মে ওয়াহিদুল মারা যান। এই ঘটনায় ওয়াহিদুলের বাবা মোহাম্মদ এসহাক বাদী হয়ে হালিশহর থানায় মামলা করে । ওয়াহিদুল হক মুরাদপুর শ্যামলী আইডিয়াল টেকনিক্যাল কলেজের শিক্ষার্থী ছিলেন।
