লামা ( বান্দরবান ) প্রতিনিধিঃ
কক্সবাজারে চকরিয়া উপজেলার বমু বিলছড়ি ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বমুরকুল এলাকার বাসিন্দা মোঃ জাফর আলম নামের এক ব্যক্তি চট্টগ্রাম শহরে চিকিৎসা শেষে বাসায় ফেরার পথে নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় তার পরিবার চকরিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছে।
পরিবার সূত্রে জানা যায়, গত ২৬ জুন রাত আনুমানিক ১০টার দিকে চট্টগ্রামে ডাক্তার দেখিয়ে বাসায় ফেরার পথে তিনি কালামিয়া বাজার এলাকা থেকে একটি রিকশায় ওঠেন। পরে রিকশাচালক তাকে চট্টগ্রামের শাহ আমানত সেতু (নতুন ব্রিজ) এলাকায় নিয়ে যায় বলে জানা যায়।
পরিবারের সদস্যরা জানান, বাসা থেকে শেষবার মোবাইল ফোনে যোগাযোগ হলে তার অবস্থান নতুন ব্রিজ এলাকায় ছিল। এরপর একাধিকবার ফোনে কল গেলেও তিনি আর সাড়া দেননি। পরবর্তীতে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
নিখোঁজের ঘটনায় পরিবার উদ্বেগ প্রকাশ করে চকরিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করেছে।
যদি কোনো ব্যক্তি মোঃ জাফর আলমের সন্ধান পেয়ে থাকেন বা কোথাও দেখে থাকেন, তাহলে দ্রুত নিম্নোক্ত নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে বিশেষ অনুরোধ জানানো হয়েছে।