
চিটাগং ট্রিবিউন ডেস্ক
চট্টগ্রাম নগরের হালিশহর থানা এলাকার ঈদগাঁ বড় পুকুর দক্ষিণ পাড় এলাকায় পারিবারিক বিরোধের জেরে ছেনোয়ারা বেগম (৪৮) নামে এক নারীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
সোমবার (২ মার্চ) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই পালানোর পথে স্থানীয়দের হাতে আটক হন ভুক্তভোগী ছেনোয়ারার ভাই জানে আলম (৪৮)। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নিহত ছেনোয়ারা বেগম হালিশহর থানা ঈদগাঁ এলাকার সাবের আহমদের স্ত্রী। গত সোমবার রাতে ছেনোয়ারা বেগমের ভাই তার বোনের বাড়িতে যান। এক পর্যায়ে পারিবারিক বিরোধের জেরে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে সেকান্দার হোসেন রবিন বলেন, ঘটনার সময় আমি আর বাবা তারাবির নামাজ আদায় করতে মসজিদে ছিলাম। নামাজ শেষে বাসায় ফেরার পথে স্থানীয়দের কাছ থেকে বিষয়টি জানতে পারেন।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোহাম্মদ সুলতান আহসান উদ্দিন বলেন, প্রাথমিকভাবে জেনেছি ছেনোয়ারাকে তার ভাই বাড়িতে গিয়ে কুপিয়েছে। তাকে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তার ভাইকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং হত্যার পেছনের কারণ খতিয়ে দেখা হচ্ছে।
