চট্টগ্রামে সন্দ্বীপবাসীর অংশগ্রহণে বিএনপি পরিবারের দোয়া ও ইফতার মাহফিল

চট্টগ্রাম প্রতিনিধি
গতকাল (১৩ মার্চ) বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য (কেন্দ্রীয় দপ্তরে দায়িত্বপ্রাপ্ত) তারিকুল আলম তেনজিং-এর সৌজন্যে, আনিসুর রহমান আনিস, নজরুল ইসলাম খোকা ও নাজিম উদ্দিনের আন্তরিকতায় চট্টগ্রামে অবস্থানরত সন্দ্বীপবাসীদের নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবারের উদ্যোগে হালিশহরের চুনা ফ্যাক্টরিস্থ গ্রীনভ্যালি রেস্টুরেন্টে এক “দোয়া ও ইফতার মাহফিল” অনুষ্ঠিত হয়েছে।
গতকাল অনুষ্ঠিত এ মাহফিলে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, দলীয় কর্মী-সমর্থক এবং চট্টগ্রামে বসবাসরত সন্দ্বীপের বাসিন্দারা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা সংক্ষিপ্ত বক্তব্যে সন্দ্বীপের সার্বিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। বিশেষ করে এলাকায় মাদকের বিস্তার, ঈদকে কেন্দ্র করে অকটেন সংকটের অজুহাতে স্পিডবোট চলাচল বন্ধ রাখা এবং যাতায়াতসংক্রান্ত ভোগান্তির বিষয়গুলো তুলে ধরা হয়। এসব সমস্যার দ্রুত সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা।
প্রধান অতিথির বক্তব্যে তারিকুল আলম তেনজিং বলেন, সন্দ্বীপবাসীর যাতায়াতকে আরও জনবান্ধব ও স্বাচ্ছন্দ্যময় করতে নৌপথে নিয়মিত যোগাযোগ নিশ্চিত করা জরুরি। তিনি স্পিডবোট ভাড়া স্থিতিশীল রাখার পাশাপাশি ঈদযাত্রাকে নিরাপদ ও আনন্দদায়ক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে শেষে দেশ, জাতি এবং সন্দ্বীপবাসীর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।